কলাকুশলীদের ওপর ডিম-ইট নিক্ষেপ, টলিউডে তোলপাড়
টালিগঞ্জে প্রতিবাদ সমাবেশে আহত হয়ে একজন মাটিতে লুটিয়ে পড়েন (ডানে)
টলিউডের পুরোনো ফেডারেশনের আওতাধীন ২৬টি গিল্ড গতকাল ভেঙে দেওয়া হয়েছে। তার পরিবর্তে নতুন চালিকাশক্তি হিসেবে আত্মপ্রকাশ করে—ইস্টার্ন ইন্ডিয়া মোশন পিকচার্স অ্যান্ড সিনে কালচারাল কনফেডারেশন (ইআইএমপিসিসি)। বিজেপি বিধায়ক, অভিনেত্রী পাপিয়া অধিকারী এ ঘোষণা দেন।
আগের গিল্ডের কয়েকজন সদস্যকে ‘নিষিদ্ধ’ করার অভিযোগে বৃহস্পতিবার (৪ জুন) টলিউডে প্রতিবাদ সমাবেশ করে বিক্ষুব্ধ কলাকুশলীরা। এসময় তাদের ওপর ডিম, ইট, পাথরের টুকরো ছোড়া হয়; এসময় উপস্থিত কয়েকজন সাংবাদিকও আহত হয়েছেন বলে খবর প্রকাশ করেছে ভারতীয় একাধিক গণমাধ্যম।
প্রোডাকশন ম্যানেজার গিল্ডের সদস্য অভিজিৎ সাহা ভারতীয় গণমাধ্যমে বলেন, “পাপিয়াদির কাছে আমাদের বিরুদ্ধে ভুল তথ্য দেওয়া হয়েছে। আমরা উনার সঙ্গে বৈঠক করতে চাই। সেই বার্তা দিতেই আমরা একত্রিত হয়েছিলাম। অথচ আমরা এমন হেনস্তার শিকার হলাম।”
অভিজিতের ভাষ্য অনুযায়ী, বৃহস্পতিবার সকালে টালিগঞ্জের ভরাট মাঠে ২৬টি গিল্ডের ২ হাজার সদস্য জমায়েত হয়েছিল। নিজেদের কথা বলা শুরু করার আগেই একদল ‘বহিরাগত’ তাদের ঘিরে ফেলে। এরপর ডিম, পাথর, ইট ছুড়তে থাকে বলেও অভিযোগ তার। গিল্ডের সদস্যরা প্রতিরোধ করতে গেলে হুমকি দিয়ে বলেন—“আমরা পাপিয়াদির লোক।” যারা চড়াও হয়েছিল, তারা কেউই কোনো গিল্ডের সদস্য নন বলে জানান অভিজিৎ।
গিল্ড বন্ধ হয়ে গেলে ১০ হাজার মানুষ বেকার হয়ে পড়বেন বলে মনে করেন অভিজিৎ। তার ভাষায়, “ফেডারেশন, গিল্ড উঠে গেলে মোট ১০ হাজার সদস্যের উপার্জন বন্ধ হয়ে যাবে। অনাথ হবে বহু পরিবার। তাই গিল্ডের সকল সদস্য মুখ্যমন্ত্রী এবং পাপিয়া অধিকারীর সঙ্গে কথা বলতে চান।”
মুখ্যমন্ত্রী বা পাপিয়া অধিকারীর সঙ্গে কেন কথা বলছেন না? এ প্রশ্নের জবাবে প্রোডাকশন ম্যানেজার গিল্ডের সহ-সম্পাদক নিরুপম দে বলেন, “আমরা কথা বলতে চাই। বাধ্য হয়ে প্রতিবাদ সমাবেশ করেছি। তাতে গুরুতর আহত হেয়ার ড্রেসার গিল্ডের সদস্য শ্রাবণী। তাকে চিকিৎসার জন্য ভাঙর হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।”
আজ ৩টার দিকে সব গিল্ডের প্রতিনিধিরা তথ্য-সংস্কৃতি দপ্তরে আবেদনপত্র নিয়ে যাবেন; মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকের আবেদন জানাবেন বলেও জানান নিরুপম।
ঢাকা/শান্ত