বিশ্বকাপের অফিসিয়াল অ্যালবামে শাকিরার সঙ্গে বাংলাদেশের সঞ্জয়
ফিফা অ্যালবামে শাকিরার সঙ্গে সঞ্জয়। ছবি: কোলাজ
বিশ্বসংগীতের বড় বড় তারকাদের সঙ্গে একই অ্যালবামে জায়গা পেয়েছেন বাংলাদেশি-আমেরিকান ডিজে ও সংগীতশিল্পী সঞ্জয়। ফিফা বিশ্বকাপ ২০২৬-এর অফিশিয়াল সাউন্ডট্র্যাকে যুক্ত হয়েছে তার গান ‘সির সির’। নিজের ফেসবুক পোস্টে এ খবরটি জানিয়েছেন সঞ্জয়।
তিনি জানান, দীর্ঘদিনের অপেক্ষা ও পরিশ্রমের পর এমন একটি অর্জন তার জীবনে এসেছে। সঞ্জয়ের গানটি বিশ্বকাপের অফিশিয়াল অ্যালবামের অংশ হচ্ছে, যেখানে আরো রয়েছে বিশ্বখ্যাত রক ব্যান্ড ‘দ্য রোলিং স্টোনস’, পপ তারকা ‘শাকিরা’, রেগেটন কিংবদন্তি ‘ড্যাডি ইয়াঙ্কি’ এবং আফ্রোবিটস তারকা ‘বার্না বয়’ ও ‘রেমা’-এর মতো আন্তর্জাতিক তারকাদের গান। ‘সির সির’ গানটির প্রকল্পে তার সঙ্গে কাজ করেছেন নোরা ফাতেহি ও ভেজড্রিমের মতো আন্তর্জাতিক তারকা।
ফেসবুক পোস্টে সঞ্জয় লিখেছেন, বিশ্বের সবচেয়ে বড় ক্রীড়া আসরের উদ্বোধনী আয়োজনে পারফর্ম করার সুযোগ এবং একই সঙ্গে অফিশিয়াল অ্যালবামের অংশ হতে পারা তার জন্য অত্যন্ত গর্বের বিষয়। তিনি মনে করেন, এই অর্জন বড় স্বপ্ন দেখা তরুণদের জন্যও অনুপ্রেরণা হয়ে থাকবে।
শুধু অ্যালবামেই নয়, ফিফা বিশ্বকাপ ২০২৬-এর উদ্বোধনী আয়োজনেও পারফর্ম করবেন সঞ্জয়। যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো—তিন আয়োজক দেশের উদ্বোধনী ম্যাচের আগে অনুষ্ঠিত অনুষ্ঠানে বিভিন্ন দেশের শিল্পীদের সঙ্গে মঞ্চে উঠবেন তিনি। এ তালিকায় রয়েছেন মার্কিন পপ তারকা কেটি পেরি এবং দক্ষিণ কোরিয়ার ব্ল্যাকপিঙ্ক সদস্য লিসার মতো তারকা।
ফিফা অফিসিয়াল অ্যালবামে সঞ্জয়
শ্রীমঙ্গলে জন্ম হলেও সঞ্জয়ের শৈশব কেটেছে চট্টগ্রামের লাভ লেন এলাকায়। পরে যুক্তরাষ্ট্রে বেড়ে ওঠা এই শিল্পী জানিয়েছেন, বহুসাংস্কৃতিক পরিবেশ তার সংগীতচর্চাকে সমৃদ্ধ করেছে। পরিবারের সংগীতময় পরিবেশও তার শিল্পীজীবনের পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।
ঢাকা/জান্নাত