ঢাকা     বৃহস্পতিবার   ০৪ জুন ২০২৬ ||  জ্যৈষ্ঠ ২১ ১৪৩৩ || ১৮ জিলহজ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

কক্সবাজারে কালভার্ট নির্মাণকাজে মাটিচাপায় ২ শ্রমিক নিহত

কক্সবাজার প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:১০, ৪ জুন ২০২৬  
কক্সবাজারে কালভার্ট নির্মাণকাজে মাটিচাপায় ২ শ্রমিক নিহত

সদর উপজেলার ঝিলংজা ইউনিয়নের দরিয়ানগর এলাকায় নির্মাণাধীন একটি কালভার্টের কাজ করতে গিয়ে দুই শ্রমিক নিহত হয়।

কক্সবাজার সদর উপজেলার ঝিলংজা ইউনিয়নের দরিয়ানগর এলাকায় নির্মাণাধীন একটি কালভার্টের কাজ করতে গিয়ে মাটির নিচে চাপা পড়ে দুই শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আরো একজন শ্রমিক আহত হয়েছেন।

বৃহস্পতিবার (৪ জুন) দুপুর ১২টার দিকে শহরের অদূরে দরিয়ানগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

আরো পড়ুন:

নিহতরা হলেন, চট্টগ্রামের বাঁশখালী উপজেলার চাম্বল এলাকার জাফর আহমেদের ছেলে মোহাম্মদ ইলিয়াস (২৫) এবং নাসির আহমেদের ছেলে মোহাম্মদ রাকিব (১৯)। আহত শ্রমিক মোহাম্মদ শাহজাহান (২৭) একই উপজেলার বাসিন্দা।

কক্সবাজার ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স স্টেশনের উপপরিচালক সৈয়দ মুহাম্মদ মোরশেদ হোসেন জানান, দরিয়ানগরে অবস্থিত ভেটেরিনারি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে যাতায়াতের জন্য নির্মিত সড়কের পাহাড়ি পানিপ্রবাহের ছড়ায় একটি কালভার্ট নির্মাণকাজ চলছিল। লাকি এন্টারপ্রাইজ নামে ঠিকাদারি প্রতিষ্ঠানের ১০ থেকে ১৫ জন শ্রমিক সেখানে কাজ করছিলেন।

তিনি বলেন, “শ্রমিকরা পাহাড়ি ছড়ার নিচে অবস্থান নিয়ে কালভার্টের দুই পাশের মাটি কাটার কাজ করছিলেন। একপর্যায়ে কালভার্টের এক পাশের বড় বড় মাটির খণ্ড ধসে পড়ে। এতে তিন শ্রমিক মাটিচাপা পড়েন। পরে সহকর্মীরা তাদের উদ্ধার করে কক্সবাজার জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুইজনকে মৃত ঘোষণা করেন।”

তিনি জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে গিয়ে পরিদর্শন করে এবং আরো কেউ মাটির নিচে চাপা পড়ে আছেন কি-না তা নিশ্চিত হওয়ার জন্য অনুসন্ধান চালায়। 

ঝিলংজা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের সদস্য মোহাম্মদ ইউনুস অভিযোগ করেন, নির্মাণকাজে নিয়োজিত শ্রমিকদের কোনো ধরনের সুরক্ষামূলক ব্যবস্থা নেওয়া হয়নি। এছাড়া এ ধরনের নির্মাণকাজ পরিচালনার বিষয়ে ইউনিয়ন পরিষদকেও অবহিত করা হয়নি।

কক্সবাজার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। নিহত দুই শ্রমিকের লাশ কক্সবাজার জেলা সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। আহত শ্রমিক চিকিৎসাধীন রয়েছেন। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
 

ঢাকা/তারেকুর/বকুল

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়