ঢাকা     শুক্রবার   ০৫ জুন ২০২৬ ||  জ্যৈষ্ঠ ২২ ১৪৩৩ || ১৯ জিলহজ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

ইসলামী ব্যাংকের ডেবিট কার্ড পাচ্ছেন ইবি শিক্ষার্থীরা

ইবি সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:০৭, ৫ জুন ২০২৬   আপডেট: ১৭:০৮, ৫ জুন ২০২৬
ইসলামী ব্যাংকের ডেবিট কার্ড পাচ্ছেন ইবি শিক্ষার্থীরা

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থীদের জন্য বিশ্ববিদ্যালয়ের লোগো ও ছবি সম্বলিত বিশেষ কো-ব্র্যান্ডেড ডুয়েল কারেন্সি ডেবিট কার্ড চালু করছে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি। আগামী রবিবার (৭ জুন) থেকে বিশ্ববিদ্যালয়সংলগ্ন শেখপাড়া বাজার উপশাখা থেকে শিক্ষার্থীরা এই কার্ড সংগ্রহ করতে পারবেন।

শুক্রবার (৫ জনু) বিষয়টি নিশ্চিত করেছেন ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির শেখপাড়া বাজার উপশাখার ইনচার্জ ও সিনিয়র প্রধান কর্মকর্তা রবিউল ইসলাম।

আরো পড়ুন:

তিনি বলেন, ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি ও ইসলামী বিশ্ববিদ্যালয়ের মধ্যে অনলাইন ফি পরিশোধসংক্রান্ত একটি চুক্তি সম্পাদিত হয়েছে। এই চুক্তির আওতায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের জন্য বিশেষায়িত কো-ব্র্যান্ডেড কার্ড বিতরণ কার্যক্রম আগামী রবিবার থেকে শুরু হবে।

রবিউল ইসলাম জানান, ইসলামী ব্যাংকের শেখপাড়া বাজার উপশাখা থেকে কার্ডটি সংগ্রহ করা যাবে এবং এর মাধ্যমে সব ধরনের ব্যাংকিং সুবিধা গ্রহণ করা সম্ভব হবে। শিক্ষার্থীদের জন্য কার্ডটি সম্পূর্ণ চার্জমুক্ত থাকলেও শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের ক্ষেত্রে নির্ধারিত চার্জ প্রযোজ্য হবে।

গত ১৮ থেকে ২৪ জানুয়ারি পর্যন্ত ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে ই-পেমেন্ট, এটিএম কার্ড ও অনলাইন ব্যাংকিং সুবিধা নিশ্চিত করতে ক্যাম্পাসে সপ্তাহব্যাপী বিশেষ ক্যাম্পেইন পরিচালনা করে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড। এ সময় দুই হাজারের বেশি শিক্ষার্থী তাদের ব্যাংক হিসাব হালনাগাদ করেন। পাশাপাশি পরীক্ষামূলকভাবে বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগের দ্বিতীয় বর্ষের প্রথম সেমিস্টারের ফি অনলাইন পদ্ধতিতে সংগ্রহ করা হয়।

এরই ধারাবাহিকতায় এবার শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হচ্ছে কো-ব্র্যান্ডেড ডুয়েল কারেন্সি ডেবিট কার্ড। কার্ডটির মাধ্যমে আন্তর্জাতিক লেনদেনের সুবিধাও পাওয়া যাবে। বিদেশে চিকিৎসা ব্যয় পরিশোধ, বিদেশি বিশ্ববিদ্যালয়ে শিক্ষা ফি প্রদান এবং দেশি-বিদেশি ই-কমার্স প্ল্যাটফর্মে বাংলাদেশি টাকা (বিডিটি) ও মার্কিন ডলার (ইউএসডি)—উভয় মুদ্রায় কেনাকাটা করা যাবে।

এছাড়া, কার্ডধারীরা ফ্রিল্যান্সিং-সংক্রান্ত লেনদেন করতে পারবেন এবং দেশ-বিদেশের এটিএম বুথ থেকে অর্থ উত্তোলনের সুবিধাও পাবেন।

ঢাকা/তানিম/জান্নাত

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়