ঈদে ২৩ দিনের ছুটিতে যাচ্ছে ইবি, হল বন্ধ ১৫ দিন
ইবি সংবাদদাতা || রাইজিংবিডি.কম
পবিত্র ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন ছুটি উপলক্ষে দীর্ঘ ২৩ দিনের ছুটিতে যাচ্ছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি)। আগামী ২৩ মে থেকে ১০ জুন পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ক্লাস, পরীক্ষা ও অফিস কার্যক্রম বন্ধ থাকবে।
তবে, ২১ ও ২২ মে সাপ্তাহিক ছুটি থাকায় কার্যত দুদিন আগেই ছুটি শুরু হচ্ছে বিশ্ববিদ্যালয়টিতে। এছাড়া ১১ ও ১২ জুন সাপ্তাহিক ছুটি হওয়ায় বিশ্ববিদ্যালয়ের ক্লাস ও পরীক্ষা পুনরায় শুরু হবে আগামী ১৩ জুন থেকে।
বিশ্ববিদ্যালয়ের রুটিন দায়িত্বে থাকা ভারপ্রাপ্ত রেজিস্ট্রার আব্দুল কাদের স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়। অফিস আদেশে আরো জানানো হয়, ছুটিকালীন সময়ে বিশ্ববিদ্যালয়ের জরুরি সেবাসমূহ চালু থাকবে। এর মধ্যে চিকিৎসা, পানি, বিদ্যুৎ, আইসিটি সেল, নিরাপত্তা ও এস্টেট শাখার কার্যক্রম অব্যাহত থাকবে।
এদিকে ২৩ মে থেকে ৭ জুন পর্যন্ত মোট ১৫ দিন আবাসিক হলসমূহ বন্ধ থাকবে বলে জানিয়েছে হল প্রভোস্ট কাউন্সিল। কাউন্সিলের সিদ্ধান্ত অনুযায়ী, আগামী শনিবার (২৩ মে) সকাল ১০টার মধ্যে আবাসিক শিক্ষার্থীদের হল ত্যাগ করতে নির্দেশ দেওয়া হয়েছে।
হল প্রভোস্ট কাউন্সিলের সভাপতি অধ্যাপক জালাল উদ্দীন বলেন, “ঈদের ছুটি উপলক্ষে আগামী ২৩ মে সকাল ১০টা থেকে ৭ জুন সকাল ১০টা পর্যন্ত আবাসিক হলগুলো বন্ধ থাকবে। এ বিষয়ে প্রতিটি হলে শিক্ষার্থীদের জন্য নোটিশ দেওয়া হবে।”
প্রসঙ্গত, বিশ্ববিদ্যালয়ের ক্যালেন্ডার অনুযায়ী আগামী ৩০ ও ৩১ মে ছুটি না থাকলেও উপাচার্য এ দুই দিনকে অতিরিক্ত ছুটির আওতায় অন্তর্ভুক্ত করেছেন।
ঢাকা/তানিম/জান্নাত
হাম ও এর উপসর্গে আরো ৭ জনের মৃত্যু