পদোন্নতি বৈষম্যের প্রতিবাদে বেরোবিতে কর্মবিরতি
বেরোবি সংবাদদাতা || রাইজিংবিডি.কম
রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) বিভিন্ন বিভাগ ও দপ্তরে কর্মরত কর্মকর্তারা পদোন্নতি ও আপগ্রেডেশন বৈষম্যের প্রতিবাদে কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি পালন করেছেন। দীর্ঘদিন ধরে পদোন্নতি ও আপগ্রেডেশন বোর্ড গঠন না হওয়া, বৈষম্য ও হয়রানির অভিযোগ তুলে তারা এ কর্মসূচি পালন করেন।
বৃহস্পতিবার (২১ মে) বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের দক্ষিণ গেটে অবস্থান নিয়ে কর্মবিরতি পালন করেন কর্মকর্তারা।
এ সময় অবস্থান কর্মসূচিতে অংশ নেওয়া সহকারী রেজিস্ট্রার সিরাজুল ইসলাম বলেন, “আমরা দীর্ঘদিন ধরে আপগ্রেডেশন বোর্ডের আশ্বাস পেলেও এখনো তা বাস্তবায়ন হয়নি। উপাচার্য মহোদয়ের কথায় বিশ্বাস রেখে অপেক্ষা করেছি। কিন্তু বারবার সময় দিলেও বোর্ড সম্পন্ন করা হয়নি। শেষ মুহূর্ত পর্যন্ত সমাধানের চেষ্টা করেও কোনো অগ্রগতি না হওয়ায় আমরা বাধ্য হয়ে কর্মবিরতিতে গেছি।”
বৈষম্যের অভিযোগ তুলে কর্মকর্তারা বলেন, পূর্বে একই নীতিমালার আওতায় কাউকে কাউকে সপ্তম গ্রেড থেকে পঞ্চম গ্রেডে ডেপুটি রেজিস্ট্রার বা সমস্কেল আপগ্রেডেশন দেওয়া হলেও অনেক কর্মকর্তা সেই সুবিধা থেকে বঞ্চিত হয়েছেন।
তাদের দাবি, যারা পদোন্নতি পেয়েছেন, তাদের মধ্যে অনেকেই একই গ্রেডের চাকরিতে থেকেও যোগদানের তারিখ অনুযায়ী সিনিয়র কর্মকর্তাদের তুলনায় জুনিয়র। ফলে দীর্ঘদিন ধরে একটি বৈষম্যমূলক পরিস্থিতি তৈরি হয়েছে বলে অভিযোগ করেন তারা।
ঢাকা/সাজ্জাদ/জান্নাত
হাম ও এর উপসর্গে আরো ৭ জনের মৃত্যু