রামিসা হত্যায় ক্রিকেটারদের প্রতিবাদ
‘ফুল ফুটবে না, ফুল আর ফুটবে না, ফুল আর কখনো ফুটবে না’
রামিসা আক্তার। ছবি সংগৃহীত
ঢাকার পল্লবীতে সাত বছরের শিশুকে ধর্ষণের পর হত্যার ঘটনায় সারা দেশ তোলাপাড়। নৃশংসভাবে এই ঘটনার বিচার চেয়ে সোচ্চার হয়েছেন বাংলাদেশের ক্রিকেটাররা।
বাংলাদেশ টেস্ট দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত, ওয়ানডে দলের দলের অধিনায়ক মেহেদী হাসান মিরাজ, টি-টোয়েন্টি দলের অধিনায়ক লিটন দাস, বাংলাদেশের সবচেয়ে অভিজ্ঞ ক্রিকেটার মুশফিকুর রহিম, বিসিবির অ্যাডহক কমিটির সভাপতি তামিম ইকবাল এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডও বিচারের দাবি তুলেছেন। নারী ক্রিকেটাররাও হয়েছেন সোচ্চার।
নাজমুল হোসেন সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন, “আমরা এমন এক সমাজ চাই, যেখানে প্রতিটি শিশু নিরাপদে হাসতে পারবে; ভয় নয়, স্বপ্ন নিয়ে বড় হবে। আর কোনো...জীবন যেন এভাবে থেমে না যায়। আল্লাহ তাকে জান্নাতুল ফেরদৌস দান করুন, আর দোষীদের এমন শাস্তি হোক, যা সমাজের জন্য দৃষ্টান্ত হয়ে থাকে।”
বাংলাদেশের প্রথম ক্রিকেটার হিসেবে ১০০ টেস্ট খেলা মুশফিকুর রহিম একটি গ্রাফিকস ছবি পোস্ট করে লিখেছেন, “আমরা বিচার চাই। আজ সকালে খবরটা শুনে স্তব্ধ হয়ে গেছি। ছোট্ট...নিরাপত্তা, ভালোবাসা আর আশ্রয় পাওয়ার কথা ছিল...এমন ভয়ানক নিষ্ঠুরতা নয়। এই নিষ্পাপ শিশুটির জন্য দ্রুত ও দৃষ্টান্তমূলক বিচারের দাবি জানাচ্ছি। কোনো পরিবারকে যেন এমন কষ্ট সইতে না হয়। শিশুদের ওপর অপরাধের সর্বোচ্চ শাস্তি হওয়া উচিত।”
লিটন দাস লিখেছেন, “কন্যাসন্তানের বাবা হিসেবে...খবরটি শোনা অত্যন্ত উদ্বেগজনক এবং মর্মন্তুদ। কোনো সমাজে এমন ঘটনা মেনে নেওয়া যায় না। আমাদের সন্তানদের নিরাপদ পৃথিবী প্রাপ্য, যেখানে তারা কোনো ভয় ছাড়াই বড় হতে পারবে। যেকোনো অন্যায়ের সঠিক বিচার হওয়া প্রয়োজন...ক্ষেত্রে সেই বিচার হতে হবে অবিলম্বে। আমরা যখন...জন্য সমস্বরে ন্যায়বিচারের দাবি জানাচ্ছি, তখন আসুন স্পষ্টভাবে উচ্চকণ্ঠে বলি—এই ধরনের অপরাধে কঠোরতম শাস্তিই প্রাপ্য। আমরা আর কখনোই এমন কোনো ট্র্যাজেডির পুনরাবৃত্তি দেখতে চাই না।”
তামিম লিখেছেন, “বিচার চাই।”
এদিকে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিচারের দাবিতে লিখেছে, “এই জঘন্য অপরাধে আমরা গভীরভাবে মর্মাহত ও ক্ষুব্ধ। রামিসা এবং এই ধরনের নির্বোধ নিষ্ঠুরতার শিকার সকল ভুক্তভোগীর জন্য আমাদের হৃদয় ব্যথিত। ন্যায়ের দাবিতে আজ আমরা ঐক্যবদ্ধ।”
পেসার শরিফুল ইসলাম লিখেছেন, “জয়ের আনন্দ এখনো আছে কিন্তু মনটা বিষণ্ন, হতাশ। কী দোষ ছিল এই ছোট্ট শিশুর? আমরা কবে এসব থেকে মুক্ত হবো? রামিসা হত্যার বিচার চাই। ধর্ষণ যারা করে তাদের এমন উপযুক্ত শাস্তি চাই যেনো পরেরবার কেউ এই ঘৃণিত কাজ করার চিন্তাও করতেও পারে না। সবাই মিলে কবে আমরা একটা দেশ হয়ে উঠব?”
পেসার তাসকিন আহমেদ লিখেছেন, “ধর্ষণের মতো জঘন্য অপরাধের বিচার হতে হবে দ্রুত, কঠোর এবং দৃষ্টান্তমূলক।”
ক্রিকেটার জাহানারা আলম লিখেছেন, “আমার কিছুই বলার ভাষা নেই…এতটুকু বাচ্চা কে দেখে কি কারোর বিকৃত মানসিকতা আসতে পারে? আর কত ছোট ফুল এভাবে প্রাণ হারাবে? কত বাবা-মায়ের কোল খালি হবে? আমাদের প্রশাসন ই পারে কঠোর শাস্তির প্রণয়নের মাধ্যমে এসব অপরাধ দমন করতে। ধর্ষককে জনসম্মূখে কঠিন থেকে কঠিনতর শাস্তি দেওয়া উচিত।”
জাতীয় নারী দলের অধিনায়ক জাহানারা আলম লিখেছেন, “ফুল ফুটবে না, ফুল ফুটবে না, ফুল আর ফুটবে না, ফুল আর কখনো ফুটবে না...।”
ঢাকা/ইয়াসিন/সাইফ
হাম ও এর উপসর্গে আরো ৭ জনের মৃত্যু