ঢাকা     বৃহস্পতিবার   ২১ মে ২০২৬ ||  জ্যৈষ্ঠ ৭ ১৪৩৩ || ৫ জিলহজ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

বগুড়ায় ২৪ ঘণ্টায় তিন হত্যাকাণ্ড

বগুড়া প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:৩৫, ২১ মে ২০২৬  
বগুড়ায় ২৪ ঘণ্টায় তিন হত্যাকাণ্ড

বগুড়ার দুই উপজেলায় ২৪ ঘণ্টায় পৃথক তিনটি হত্যাকাণ্ড ঘটেছে। এর মধ্যে গাবতলী উপজেলায় ঘরে ঢুকে গৃহবধূকে গলা কেটে হত্যা এবং মাদকাসক্ত বাবার বিরুদ্ধে পাঁচ মাস বয়সী সন্তানকে গলা টিপে হত্যার অভিযোগ পাওয়া গেছে। অন্যদিকে, সারিয়াকান্দি উপজেলায় ফুটবল খেলাকে কেন্দ্র করে ছুরিকাঘাতে এক স্কুলছাত্র নিহত হয়েছে। 

বুধবার (২০ মে) দিবাগত রাত সোয়া ১২টা থেকে বৃহস্পতিবার (২১ মে) দুপুরের মধ্যে এ তিনটি হত্যাকাণ্ড ঘটে। 

গৃহবধূকে গলা কেটে হত্যা
বগুড়ার গাবতলী উপজেলার মমিনহাটা দক্ষিণ পাড়ায় ঘরে ঢুকে রিতা রানী মজুমদার (৪৫) নামের এক গৃহবধূকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার (২০ মে) দিবাগত রাত সোয়া ১২টার দিকে এ হত্যাকাণ্ড ঘটে। নিহত রিতা রানী ওই এলাকার বিধান চন্দ্র রায়ের স্ত্রী। 

নিহতের স্বামী বিধান চন্দ্র রায় জানিয়েছেন, তাদের এক ছেলে ও এক মেয়ে পড়াশোনার কারণে ঢাকায় থাকেন। বাড়িতে স্বামী-স্ত্রী দুজনই বাস করতেন। বুধবার রাত ১০টার দিকে স্ত্রী রিতা রানীর সঙ্গে রাতের খাবার খেয়ে তারা আলাদা ঘরে ঘুমাতে যান। 

রাত সোয়া ১২টার দিকে ঘরের দরজায় জোরে ধাক্কার শব্দে তার ঘুম ভেঙে যায়।একই সময়ে স্ত্রীর ঘর থেকে অস্বাভাবিক গোঙানির শব্দ শুনে দ্রুত সেখানে ছুটে যান। ঘরে ঢুকে তিনি দেখতে পান, রিতা রানীর গলাকাটা রক্তাক্ত মরদেহ ঘরের মেঝেতে পড়ে রয়েছে। চিৎকার করে বাইরে বের হলে বাড়ির সদর দরজা খোলা দেখতে পান। পরে পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করে।

বগুড়ার সহকারী পুলিশ সুপার (গাবতলী সার্কেল) হুমায়ুন কবীর বলেছেন, ঘটনাস্থল থেকে রিতা রানীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি গলা কাটা অবস্থায় শয়নকক্ষের মেঝেতে পড়ে ছিলেন। ঘটনার রহস্য উন্মোচন করে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশ কাজ করছে।

শিশু সন্তানকে গলা টিপে হত্যার অভিযোগ
একই উপজেলার বালিয়াদিঘী ইউনিয়নের কলাকোপা সুবোধ বাজার এলাকায় বৃহস্পতিবার (২১ মে) দুপুরে পাঁচ মাস বয়সী শিশু আব্দুল্লাহকে গলা টিপে হত্যার অভিযোগ উঠেছে তার বাবা রায়হান আলীর বিরুদ্ধে। 

পুলিশ ও স্থানীয়রা জানিয়েছেন, বৃহস্পতিবার দুপুরে রায়হান আলী মাদকাসক্ত অবস্থায় ঘরে ঢুকে নিজের শিশু সন্তানকে গলা চেপে ধরেন। এতে ঘটনাস্থলেই শিশুটির মৃত্যু হয়। স্থানীয়রা বিষয়টি জানতে পেরে পুলিশে খবর দেন।

গাবতলী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) রাকিব হাসান বলেছেন, “হত্যার কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। অভিযুক্ত বাবাকে আটক করতে অভিযান চালানো হচ্ছে।” 

ফুটবল খেলাকে কেন্দ্র করে স্কুলছাত্র খুন
সারিয়াকান্দি উপজেলার ঘুঘুমারি এলাকায় বৃহস্পতিবার (২১ মে) দুপুরে ফুটবল খেলাকে কেন্দ্র করে পূর্ববিরোধের জের ধরে ছুরিকাঘাতে নিহত হয় স্কুলছাত্র মোস্তাকিম আহমেদ। ঘুঘুমারি উত্তর পাড়া গ্রামের জয়নাল আবেদীনের ছেলে মোস্তাকিম নওখিলা পিএন উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণিতে পড়ত।

স্থানীয়রা জানিয়েছেন, কয়েকদিন আগে ফুটবল খেলাকে কেন্দ্র করে মোস্তাকিমের সঙ্গে একই এলাকার শাহাদাত হোসেনের বিরোধ সৃষ্টি হয়। বৃহস্পতিবার দুপুরে নিজাম উদ্দিন উচ্চ বিদ্যালয়ের সামনে মোস্তাকিম গেলে পূর্ব বিরোধের জেরে শাহাদাত ও তার সহযোগীরা তাকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় মোস্তাকিমকে উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সারিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ ফ ম আসাদুজ্জামান বলেছেন, “কয়েকদিন আগে ফুটবল খেলাকে কেন্দ্র করে বিরোধ হয়েছিল। সেই ঘটনার জের ধরেই হত্যাকাণ্ড ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে।”

বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) হুসেইন মোহাম্মদ রায়হান বলেছেন, “নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।  হত্যার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারে চেষ্টা করছে পুলিশ।”

ঢাকা/এনাম/রফিক

সর্বশেষ

পাঠকপ্রিয়