খুলনায় অফিসে ঢুকে যুবদল নেতাকে গুলি
নিজস্ব প্রতিবেদক, খুলনা || রাইজিংবিডি.কম
খুলনায় পূর্ব শত্রুতার জের ধরে যুবদলের এক নেতাসহ দুইজনকে গুলি করা হয়েছে। আহতরা হলেন পুটিমারী বাজার কমিটির সভাপতি ও যুবদল সদস্য মাসুম বিল্লাহ (৩৩) এবং জাহিদ (৩৫)।
বৃহস্পতিবার (২১ মে) দুপুরে নগরীর লবণচরার পুটিমারী বাজার সংলগ্ন ১ নং জলমা ইউনিয়নের ৯ নং ওয়ার্ড বিএনপি অফিসের ভেতরে তাদের গুলি করা হয়। গুলিবিদ্ধ অবস্থায় স্থানীয়রা তাদের উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। বর্তমানে তারা সার্জারি ১১ ও ১২ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, মাসুম বিল্লাহ ও জাহিদ বিএনপি অফিসে বসে ছিলেন। এ সময় বিভিন্ন থানার একাধিক মামলার আসামি হিসেবে পরিচিত পারভেজ (৩৪) সেখানে প্রবেশ করে। পরে তর্কাতর্কির একপর্যায়ে তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে মাসুম বিল্লাহর বাম পায়ের রানে এবং জাহিদের ডান হাতের বাহুতে গুলি লাগে।
ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। খবর পেয়ে লবণচরা থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এবং অভিযুক্তকে গ্রেপ্তারে অভিযান শুরু করেছে।
গুলিবিদ্ধ জাহিদ বলেন, ‘‘আমরা দুইজন বিএনপি অফিসে বসে ছিলাম। এ সময় হঠাৎ করে মাসুম বিল্লাহকে উদ্দেশ করে পারভেজ গুলি করে। গুলি ঠেকাতে গিয়ে আমার হাতে গুলি লাগে।’’
গুলিবিদ্ধ মাসুম বিল্লাহ বলেন, ‘‘আমি যুবদলের ১ নং জলমা ইউনিয়নের সাধারণ সম্পাদক পদপ্রার্থী। আমি বসে ছিলাম। এ সময় পারভেজ এসে কথা বলে। মুক্তার হোসের রোডে বাড়ি। ওর বাবার নাম নুর ইসলাম। ওকে আমি আগে থেকে চিনি। কথা বলে পারভেজ বের হয়ে যায়। এরপর আবার ফিরে এসে আমাকে লক্ষ্য করে গুলি করে। ঠেকাতে গিয়ে জাহিদ গুলিবিদ্ধ হয়। আমি অফিসের পিছন দরজা দিয়ে বের হয়। ওখানে ঘের আছে। পারভেজ পিছনের দরজায় এসে আমার বাম পায়ে গুলি করে।’’
লবণচরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ মোশারেফ হোসেন জানান, পূর্ব শত্রুতার জেরে পারভেজ নামের এক ব্যক্তি তাদের গুলি করেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। তদন্ত শেষে বিস্তারিত জানানো হবে।
ঢাকা/নুরুজ্জামান/বকুল
হাম ও এর উপসর্গে আরো ৭ জনের মৃত্যু