ঢাকা     শনিবার   ০৬ জুন ২০২৬ ||  জ্যৈষ্ঠ ২৩ ১৪৩৩ || ২০ জিলহজ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

ঢাকাকে রিকশার শহর বানানো যাবে না: আব্দুস সালাম

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:১০, ৬ জুন ২০২৬  
ঢাকাকে রিকশার শহর বানানো যাবে না: আব্দুস সালাম

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম বলেছেন, সারা ঢাকা শহরকে হকারে পরিপূর্ণ বা রিকশার শহর বানানো যাবে না। ফুটপাতকে পথচারীদের জন্য উন্মুক্ত রাখতে হবে।

শনিবার (৬ জুন) ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের নতুন উদ্যোগ ‘দক্ষিণের জানালা’ এর উদ্বোধন অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আব্দুস সালাম বলেন, “দক্ষিণের জানালা একটি সমন্বিত উদ্যোগের বাস্তব রূপ। এখানে নাগরিক, বিশেষজ্ঞ, গবেষক এবং নীতিনির্ধারকরা একসঙ্গে বসে সমস্যা চিহ্নিত করবেন, বিশ্লেষণ করবেন এবং তথ্যভিত্তিক সমাধানের প্রস্তাব তৈরি করবেন। খাতভিত্তিক সেমিনার, টাউন হল মিটিং, ডিজিটাল প্ল্যাটফর্ম এবং নাগরিক কমিটির মাধ্যমে একটি দীর্ঘমেয়াদি উন্নয়ন রোডম্যাপ গড়ে তোলা হবে।”

তিনি বলেন, “আমাদের লক্ষ্য শুধুমাত্র আলোচনা নয় বরং বাস্তব পরিবর্তনের ভিত্তি তৈরি করা। এমন একটি শহর গড়ে তোলা, যেখানে নাগরিক শুধু সুবিধাভোগী নয়, বরং সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ার সক্রিয় অংশীদার।”

পরিবেশবান্ধব আধুনিক নগর গড়ে তোলার উদ্যোগের কথা উল্লেখ করে তিনি বলেন, “বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান পরিবেশবান্ধব আধুনিক নগর গড়ে তোলার জন্য ইতোমধ্যে নানা পদক্ষেপ গ্রহণ করেছেন। জনগণের ক্ষমতায়ন, সেবার বিকেন্দ্রীকরণ এবং অংশগ্রহণমূলক উন্নয়নের ধারণার ভিত্তিতেই ‘দক্ষিণের জানালা’ শহরবাসীর সামনে নতুন এক সেবার দ্বার খুলে দিতে এসেছে।”

আব্দুস সালাম বলেন, “নাগরিক উন্নয়ন প্রক্রিয়ায় রাজনৈতিক নেতৃত্ব, প্রশাসন এবং জনগণের সম্মিলিত প্রচেষ্টাই সবচেয়ে গুরুত্বপূর্ণ শক্তি। ঢাকা দক্ষিণ আমাদের ইতিহাস, ঐতিহ্য, অর্থনৈতিক কর্মকাণ্ড এবং সাংস্কৃতিক পরিচয়ের কেন্দ্রবিন্দু। তবে যানজট, জলাবদ্ধতা, বায়ুদূষণ, পয়োনিষ্কাশন সংকট, জনস্বাস্থ্যঝুঁকি এবং নগর ব্যবস্থাপনার সীমাবদ্ধতা নগরবাসীর জন্য বড় চ্যালেঞ্জ হয়ে রয়েছে।”

নগরবাসীর প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, “এটা আপনার শহর, আপনারও দায়িত্ব রয়েছে। শহরের প্রতিটি নাগরিককে ভাবতে হবে—আমার শহর, আমার দায়িত্ব। তাই আমাদের স্লোগান, আমি বদলাই, ঢাকা বদলাবে।”

প্রশাসক বলেন, “ঢাকা দক্ষিণ মূলত আদি ঢাকার অংশ এবং ঢাকার ঐতিহ্যের বড় অংশই এই এলাকায় অবস্থিত। তাই আদি ঢাকাকে তার পুরোনো রূপ ফিরিয়ে দিতে হবে। একসময় ঢাকা শহর সবুজে ভরপুর ছিল, ফুলের বাগান ছিল। সবাই সমষ্টিগতভাবে উদ্যোগ নিলে সেই পরিবেশ ফিরিয়ে আনা সম্ভব। জলাবদ্ধতা, মশার উপদ্রব ও হকার সমস্যা সবার সমস্যা। এসব বিষয়ে সমাধান খুঁজতে সবার অংশগ্রহণ প্রয়োজন। রিকশাচালক ও হকারদের মতামত নিয়েও ভবিষ্যতে আলোচনা করা হবে।”

হকার উচ্ছেদ প্রসঙ্গে তিনি বলেন, “প্রধানমন্ত্রী কাউকে উচ্ছেদ করতে চান না, বরং পুনর্বাসন করতে চান। তবে ঢাকা শহরের সীমাবদ্ধতার বিষয়টিও বিবেচনায় রাখতে হবে। সারা ঢাকা শহরকে হকারে পরিপূর্ণ বা রিকশার শহর বানানো যাবে না। ফুটপাতকে পথচারীদের জন্য উন্মুক্ত রাখতে হবে, একইসঙ্গে হকারদের বিষয়েও বাস্তবসম্মত সমাধান খুঁজে বের করতে হবে।”

ডিএনডি বাঁধ ও জলাবদ্ধতা প্রসঙ্গে তিনি বলেন, “পানি নিষ্কাশনের স্বাভাবিক পথ ও খালগুলো বন্ধ হয়ে যাওয়ায় ঢাকা দক্ষিণে জলাবদ্ধতা বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। এ বিষয়ে কয়েকদিন আগেই প্রধানমন্ত্রী তারেক রহমান সংশ্লিষ্টদের সঙ্গে বৈঠক করেছেন এবং সমস্যার সমাধানে প্রয়োজনীয় পদক্ষেপ নিয়ে আলোচনা হয়েছে “

আব্দুস সালাম বলেন, “কাজের জন্য সময় দিতে হবে। সুযোগ না দিয়েই সমালোচনা শুরু করলে দেশ সামনে এগোবে না। ঢাকা শহর আমাদের সবার। বায়ুদূষণ ও বর্জ্য ব্যবস্থাপনার মতো সমস্যাগুলো সমাধানে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।”

তিনি জানান, ‘দক্ষিণের জানালা’ উদ্যোগের আওতায় প্রতি মাসে বিভিন্ন বিষয়ে সেমিনার অনুষ্ঠিত হবে। উদ্বোধনী দিনে দুটি বিষয়ে দুটি সেমিনারের আয়োজন করা হয়েছে। এছাড়া ১৮৬৪ সালের ১ আগস্ট প্রতিষ্ঠিত ঢাকা পৌরসভার ১৬২ বছর পূর্তি উপলক্ষে ২০২৬ সালে তিন দিনব্যাপী কর্মসূচি গ্রহণ করা হবে। ওই কর্মসূচির মাধ্যমে ঢাকার অতীত, বর্তমান ও ভবিষ্যৎ এবং পুরান ঢাকার ঐতিহ্য তুলে ধরা হবে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

 

ঢাকা/নজরুল ইসলাম/শাহেদ

সর্বশেষ

পাঠকপ্রিয়