মিথিলার সাফল্যে উচ্ছ্বসিত মাহি, বললেন ‘এটা কেবল শুরু’
বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম
ছবির কোলাজ
ঈদে মুক্তি পাওয়া শাকিব খান অভিনীত ‘রকস্টার’ সিনেমা নিয়ে দর্শকদের আগ্রহের কমতি নেই। তবে সিনেমাটির সাফল্যের পাশাপাশি আলোচনায় রয়েছেন নবাগত অভিনেত্রী তানজিয়া জামান মিথিলাও। বড়পর্দায় অভিষেকের পর দর্শকদের প্রশংসা কুড়াচ্ছেন তিনি। আর সেই সাফল্যে সবচেয়ে বেশি উচ্ছ্বসিতদের একজন তার ঘনিষ্ঠ বন্ধু ও ছোটপর্দার অভিনেত্রী সামিরা খান মাহি।
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে মিথিলাকে নিয়ে একটি আবেগঘন পোস্ট দিয়েছেন মাহি। সেখানে তিনি বন্ধুর দীর্ঘ পথচলা, সংগ্রাম ও পরিশ্রমের কথা তুলে ধরেন।
মাহি লিখেছেন, বড়পর্দায় মিথিলাকে দেখে তার আনন্দ ধরে রাখা কঠিন হয়ে পড়েছে। কারণ এই অর্জনের পেছনের পুরো যাত্রার সাক্ষী তিনি নিজেই।
তার ভাষায়, মিথিলার কঠোর পরিশ্রম, আত্মত্যাগ, নির্ঘুম রাত আর নানা সংশয়ের মুহূর্তগুলো কখনো তাকে থামাতে পারেনি। বরং সেই দৃঢ়তাই আজ তাকে এই অবস্থানে নিয়ে এসেছে।
বন্ধুর প্রথম চলচ্চিত্রেই দর্শকদের ভালোবাসা পাওয়ার বিষয়টিও বিশেষভাবে উল্লেখ করেছেন মাহি। তিনি মনে করেন, এটি কেবল শুরু। সামনে মিথিলার জন্য আরো বড় সাফল্য অপেক্ষা করছে।
পোস্টে মিথিলার ব্যক্তিত্বেরও প্রশংসা করেন মাহি। তার মতে, মানুষ হিসেবে মিথিলার উদারতা, আনুগত্য, সুন্দর মন এবং সাফল্যের পরও বিনয়ী থাকা—এসব গুণই তাকে অন্যদের থেকে আলাদা করেছে।
মাহি আরো লেখেন, সবাই হয়তো আজ মিথিলার সাফল্য উদযাপন করছে, কিন্তু তিনি উদযাপন করতে চান সেই মানুষটিকে, যিনি এই সাফল্যের পেছনে আছেন।
সবশেষে প্রিয় বন্ধুর জন্য শুভকামনা জানিয়ে অভিনেত্রী বলেন, একজন নারী ও শিল্পী হিসেবে মিথিলার বেড়ে ওঠা কাছ থেকে দেখাটা তার জন্য সৌভাগ্যের। সামনে আরো বড়পর্দা, বড় স্বপ্ন ও উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন তিনি।
প্রসঙ্গত, ঈদে মুক্তি পাওয়া ‘রকস্টার’ সিনেমার মাধ্যমে বড়পর্দায় অভিষেক হয়েছে তানজিয়া জামান মিথিলার। সিনেমাটি মুক্তির পর থেকেই দর্শকদের ইতিবাচক প্রতিক্রিয়া পাচ্ছেন এই নবাগত অভিনেত্রী।
ঢাকা/জান্নাত
লালমনিরহাট সীমান্তে ৩৩ জনকে পুশইনের চেষ্টা, বিজিবির বাধা