টাঙ্গাইলে পুরোনো প্লাস্টিকের বিনিময়ে গাছ
টাঙ্গাইল প্রতিনিধি || রাইজিংবিডি.কম
বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে প্লাস্টিকের বিনিময়ে বা দশ টাকায় গাছের চারা বিক্রি করছে স্বেচ্ছাসেবী সংগঠন যুবদের জন্য ফাউন্ডেশন।
বৃহস্পতিবার বিকালে টাঙ্গাইল শহরের ভাসানী রোডে দিনব্যাপী এ আয়োজন করা হয়। এ সময় প্লাস্টিকের জিনিস বা বোতল এবং দশ টাকার বিনিময়ে গাছ ক্রয় করেন বৃক্ষপ্রেমীরা।
সোনালু, জারুল, আমলকি, জাম, অর্জুন, বহেরা, চালতা, শিশু, আমড়া, কাঁঠাল, বকুল, কাঠবাদাম, ড্রাগন ফল, তুলসী, নিম, আম, লিচুসহ ফলজ, বনজ, ঔষধি প্রায় দুই শতাধিক গাছ ছিল বিক্রির তালিকায়। বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী তাহসিন জামান বলেন, ‘‘এত অল্প মূল্যে গাছ কিনে ভাল লাগছে। আমি বকুল ও জারুল গাছ সংগ্রহ করেছি। এমন আয়োজন নিয়মিত হওয়া উচিত।’’
পুরনো প্লাস্টিকের বিনিময়ে গাছ সংগ্রহ করেছেন স্কুল শিক্ষিকা সুলতানা পারভীন। তিনি বলেন, ‘‘সন্তানকে সাথে নিয়ে বাসার পুরনো প্লাস্টিকের বিনিময়ে ৪টি গাছ সংগ্রহ করেছি।’’
আয়োজনের উদ্যোক্তা ও যুবদের জন্য ফাউন্ডেশনের সভাপতি মুঈদ হাসান তড়িৎ বলেন, ‘‘আমরা চাই তরুণ প্রজন্ম পরিবেশ রক্ষায় অগ্রণী ভূমিকা পালন করুক। বিশ্ব পরিবেশ দিবস উদযাপনে বছরব্যাপী ৫ হাজার গাছ রোপনের লক্ষ্য নিয়ে ১০ টাকায় গাছ বিক্রি, প্লাস্টিকের বিনিময়ে গাছ এবং একজন একটি গাছ আন্দোলন আয়োজন করছি আমরা।’’
জলবায়ু পরিবর্তন ও পরিবেশ দূষণ রোধ করা আমাদের অন্যতম লক্ষ্য বলেন তিনি।
স্বেচ্ছাসেবী সংগঠনটি আগামীতে দেশের ২১ জেলায় ও টাঙ্গাইলের বিভিন্ন উপজেলা ও শিক্ষাপ্রতিষ্ঠানে এই ‘বিনিময়’ কর্মসূচি ছড়িয়ে দেওয়ার পরিকল্পনা করছে। তাদের লক্ষ্য বাংলাদেশের প্রতিটি জেলা শহরকে ‘প্লাস্টিক মুক্ত ও সবুজ শহর’ হিসেবে গড়ে তোলা।
ঢাকা/কাওছার//
লালমনিরহাট সীমান্তে ৩৩ জনকে পুশইনের চেষ্টা, বিজিবির বাধা