তাপপ্রবাহ কমে বজ্রসহ বৃষ্টির আভাস
বিশেষ প্রতিবেদক || রাইজিংবিডি.কম
ছবি: সংগৃহীত
প্রচণ্ড গরমে জনজীবন অতিষ্ঠ। শহরে বিদ্যুৎ থাকলেও গ্রামাঞ্চলে লোডশেডিং বেড়েছে। এ অবস্থায় দেশের বিভিন্ন স্থানে তাপপ্রবাহ কিছুটা কমে ঝড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর শুক্রবার (৫ মে) সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য পূর্বাভাসে এ তথ্য জানিয়েছে।
সহকারী আবহাওয়াবিদ কাজী জেবুন্নেছা স্বাক্ষরিত বিজ্ঞপ্তি অনুযায়ী, রাজশাহী, রংপুর, দিনাজপুর, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, যশোর, কুষ্টিয়া, ঢাকা, ফরিদপুর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নাম্বার সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
গত কয়েকদিন থেকে দেশজুড়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। এ অবস্থায় আজ সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
তারা জানায়, রংপুর, দিনাজপুর, নীলফামারী, ঢাকা, টাঙ্গাইল, মানিকগঞ্জ, ফরিদপুর, মাদারীপুর, গোপালগঞ্জ, চাঁদপুর, নোয়াখালী, ফেনী, রাঙ্গামাটি ও লক্ষ্মীপুর জেলাসহ রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা কিছু জায়গা থেকে প্রশমিত হতে।
এদিকে দূষিত বায়ুর শহরের তালিকায় আজ ষষ্ঠ অবস্থানে রয়েছে ঢাকা। শুক্রবার (৫ মে) সকাল ৯টার দিকে বাতাসের মান পর্যবেক্ষণকারী সুইজারল্যান্ডভিত্তিক সংস্থা এয়ার কোয়ালিটি ইনডেক্স (আইকিউএয়ার) থেকে এ তথ্য জানা গেছে।
বিশ্বের বিভিন্ন দেশের ১২৫টি শহরের ওপর আইকিউএয়ার-এর করা বাতাসের মান সূচকে এসময় ঢাকার দূষণের স্কোর দেখা গেছে ১০৭।
আজ বিশ্বে বায়ুদূষণের তালিকায় শীর্ষে বা দূষণের সর্বোচ্চ স্তরে অবস্থান করছে ইন্দোনেশিয়ার জাকার্তা। শহরটির দূষণ স্কোর ১৭০। এরপরই ডেমোক্রেটিক রিপাবলিক কঙ্গোর কিনশাসা শহর ১৪৮, চীনের চেংদু ১৪২, নেপালের কাঠমান্ডু ১৩৮, পাকিস্তানের লাহোর ১৩১, চিলির সান্তিয়াগো ১০৬, ভারতের দিল্লি ১০২ স্কোর নিয়ে দূষণের ওপরের সারিতে রয়েছে।
অন্যদিকে, আজ বাতাসের মান সবচেয়ে ভালো অস্ট্রেলিয়ার ক্যানবেরার। শহরটির দূষণ স্কোর মাত্র ১২।
ঢাকা/নঈমুদ্দীন//
লালমনিরহাট সীমান্তে ৩৩ জনকে পুশইনের চেষ্টা, বিজিবির বাধা