পঞ্চগড় সীমান্তে ১০ জনকে ঠেলে পাঠানোর চেষ্টা
পঞ্চগড় প্রতিনিধি || রাইজিংবিডি.কম
পঞ্চগড়ের হাড়িভাসা ইউনিয়নের বড়বাড়ি সীমান্ত দিয়ে ১০ জনকে ঠেলে পাঠানো চেষ্টা করে বিএসএফ।
পঞ্চগড় সদর উপজেলার হাড়িভাসা ইউনিয়নের বড়বাড়ি সীমান্ত দিয়ে ১০ জন নারী-পুরুষকে বাংলাদেশের অভ্যন্তরে ঠেলে পাঠানোর (পুশইন) চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে, বিজিবির তাৎক্ষণিক তৎপরতায় এই চেষ্টা ব্যর্থ হয়েছে।
বিজিবি সূত্রে জানায়, শুক্রবার (৫ জুন) ভোরের দিকে নীলফামারী ব্যাটালিয়নের ৫৬ বিজিবির বড়বাড়ি বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ৭৫৮/৫-এর নিকট বিএসএফের ৯৩ টিয়াপাড়া ক্যাম্প ১০ জন নারী ও পুরুষকে বাংলাদেশের দিকে ঠেলে দেয়। বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশের চেষ্টা করলে বিজিবির একটি টহলদল তাদের বাধা দেয়। বাধার মুখে বিএসএফ সদস্যরা ওই ঠেলে পাঠানো লোকজনকে পুনরায় ভারতের অভ্যন্তরে নিয়ে যায়। বর্তমানে তারা ভারতের অংশে শূন্যরেখা থেকে প্রায় ২০ গজ দূরে অবস্থান করছে বলে জানা গেছে।
৫৬ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সিরাজুল ইসলাম বলেন, “বিজিবির টহলদল সতর্ক অবস্থানে থেকে পুশইনের চেষ্টা প্রতিহত করেছে। বর্তমানে সংশ্লিষ্ট ব্যক্তিরা ভারতের অভ্যন্তরে অবস্থান করছেন।”
তিনি জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সীমান্তের উভয় পাশে বিজিবি ও বিএসএফের টহলদল সতর্ক অবস্থানে রয়েছে। বিষয়টি নিয়ে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠকের প্রস্তুতি চলছে।
ঢাকা/নাঈম/মাসুদ
লালমনিরহাট সীমান্তে ৩৩ জনকে পুশইনের চেষ্টা, বিজিবির বাধা