ঢাকা     শুক্রবার   ০৫ জুন ২০২৬ ||  জ্যৈষ্ঠ ২২ ১৪৩৩ || ১৯ জিলহজ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

বিজিবি-বিএসএফ পতাকা বৈঠক 

শূন্যরেখায় আটকা ২৮ জনের ব্যাপারে আলোচনা করে সিদ্ধান্ত নেবে বিএসএফ

চাঁপাইনবাবগঞ্জ সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:৫৬, ৫ জুন ২০২৬  
শূন্যরেখায় আটকা ২৮ জনের ব্যাপারে আলোচনা করে সিদ্ধান্ত নেবে বিএসএফ

চাঁপাইনবাবগঞ্জের বাঙ্গাবাড়ি সীমান্তের শূন্যরেখায় অবস্থান করা নারী-পুরুষরা।

চাঁপাইনবাবগঞ্জের বাঙ্গাবাড়ি সীমান্ত দিয়ে ২৮ জনকে পুশইনের চেষ্টার ঘটনায় বৃহস্পতিবার (৪ জুন) দুই দফায় বিজিবির উদ্যোগে বিএসএফের সঙ্গে পতাকা বৈঠকের আয়োজন করা হয়। বিএসএফের অনড় অবস্থানের কারণে এখনো খোলা আকাশের নিচে অবস্থান করছেন পুশইনের শিকার হওয়া নারী-শিশুরা।

বাঙ্গাবাড়ি সীমান্তে অনুষ্ঠিত পতাকা বৈঠকে বিএসএফ তাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা পর বিষয়টি সমাধান করবে বলে বিজিবিকে আশ্বস্ত করেছে। এ তথ্য জানিয়েছেন বিজিবির ১৬ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফুল ইসলাম। 

আরো পড়ুন:

সীমান্ত এলাকার বাসিন্দা আব্দুর রহমান বলেন, “বৃহস্পতিবার ভোর থেকেই আমরা সীমান্ত এলাকায় এই মানুষগুলোকে দেখছি। সারা দিন রোদের পর বিকেলে যখন প্রচণ্ড ঝড়-বৃষ্টি শুরু হলো, তখন ছোট ছোট বাচ্চা আর নারীরা আশ্রয় খুঁজছিল। খোলা মাঠে প্লাস্টিক বা ছাউনি দেওয়ার মতো কোনো জিনিসও তাদের কাছে নেই।” 

আরেক বাসিন্দা মরিয়ম বেগম বলেন, “বিএসএফ মানুষগুলোকে আমাদের দেশের দিকে ঠেলে দিয়ে জিরো লাইনে আটকে রেখেছে। ছোট বাচ্চাগুলো ক্ষুধার জ্বালায় কাঁদছে। তাদের বিষয়ে দ্রুত সুরাহা হওয়া দরকার, না হলে এরা আরো বেশি অসুস্থ হয়ে পড়বে।”

বাঙ্গাবাড়ী ইউনিয়ন পরিষদের (ইউপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান শারিকুল ইসলাম সাদ্দাম হোসেন জানান, ভোররাতেই বিজিবির পক্ষ থেকে তাকে বিষয়টি জানানো হয়েছে এবং স্থানীয় জনপ্রতিনিধিরা সীমান্তের পরিস্থিতির ওপর সার্বক্ষণিক নজর রাখছেন। বিজিবি সাফ জানিয়ে দিয়েছে, কোনো অবস্থাতেই অবৈধভাবে কাউকে বাংলাদেশের ভূখণ্ডে প্রবেশ করতে দেওয়া হবে না।

এদিকে, পতাকা বৈঠক শেষে বিজিবির ১৬ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফুল ইসলাম মাসুম সাংবাদিকদের বলেন, “গত বুধবার রাতে বিএসএফ সদস্যরা ওই ২৮ জনকে পুশইনের চেষ্টা করে। বিজিবির বাধার মুখে সে চেষ্টা ব্যর্থ হয়। ওই ২৮ জনের মধ্যে ১২ জন পুরুষ, ১০ জন নারী ও ৬ জন শিশু রয়েছে। তারা সীমান্তের নো-ম্যান্সল্যান্ডে (শূন্যরেখায়) অবস্থান করছেন।”

তিনি বলেন, “বাঙ্গাবাড়ি সীমান্তের কিছু এলাকা দিয়ে পুশইন করা সহজ, সেই সুযোগ কাজে লাগানোর চেষ্টা করছে বিএসএফ। এরইমধ্যে বিজিবিও সীমান্তে সতর্ক অবস্থায় রয়েছে। সীমান্তে বাড়ানো হয়েছে বিজিবির টহলসহ অন্যান্য নজরদারি।”

ঢাকা/গালিভ/মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়