‘রকস্টার’ সিনেমার নেতিবাচক প্রতিক্রিয়া নিয়ে শাকিবের কী যুক্তি?
বিনোদন প্রতিবেদক || রাইজিংবিডি.কম
‘রকস্টার’ সিনেমার দৃশ্য
ঈদুল আজহায় মুক্তি পেয়েছে শাকিব খান অভিনীত ‘রকস্টার’ সিনেমা। মুক্তির পর সিনেমাটি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মহলে তুমুল আলোচনা চলছে। গল্প, নির্মাণশৈলী এবং শাকিব খানের নতুন অবতার প্রশংসিত হলেও, বড় একটি অংশের দর্শক ও সমালোচকরা সিনেমাটিতে অতিরিক্ত মাদকের দৃশ্য দেখানো নিয়ে নেতিবাচক প্রতিক্রিয়া ব্যক্ত করছেন।
নেতিবাচক প্রতিক্রিয়া নিয়ে এবার মুখ খুললেন শাকিব খান। বৃহস্পতিবার (৪ জুন) ‘রকস্টার’ সিনেমার বিশেষ প্রদর্শনী শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিষয়টি নিয়ে পাল্টা যুক্তি দেন এই তারকা। শাকিব খান স্পষ্টভাবে বলেন, “গল্পের প্রয়োজনে এবং সমাজকে সচেতন করতেই দৃশ্যগুলো রাখা হয়েছে।”
প্রশ্ন ছুড়ে দিয়ে শাকিব খান বলেন, “লাস্ট এবং এই সিনেমা দেখে যারা বলেছে যে, এখানে শুধু ড্রাগস দেখানো হয়েছে, কোকেন দেখানো হয়েছে—এখানে কোকেন না দেখালে, ড্রাগস না দেখালে ড্রাগসের যে প্রভাব, ড্রাগস যে মানুষকে ডেস্ট্রয় (ধ্বংস) করে দেয়, ফ্যামিলিকে ডেস্ট্রয় করে দেয়, সমাজকে ধ্বংস করে দেয়, জীবন কেড়ে নেয়—এই ভালো-মন্দের পার্থক্যটা বোঝাব কীভাবে? ড্রাগসকে দেখিয়েই তো তার ক্ষতিকারক প্রভাবটা বোঝাতে হয়েছে।”
সিনেমাটি কেবল বিনোদনের জন্য নয়, বরং মাদকের নীল দংশন কীভাবে একটা মানুষের উজ্জ্বল ভবিষ্যৎ এবং তার চারপাশের চেনা সমাজকে তিলে তিলে শেষ করে দেয়—সেই বাস্তব চিত্র তুলে ধরাই ছিল এর মূল উদ্দেশ্য। অন্ধকারের ভয়াবহতা না দেখালে আলোর গুরুত্ব বোঝানো সম্ভব নয়, ঠিক সেভাবেই ড্রাগসের ক্ষতিকর প্রভাব ফুটিয়ে তুলতে এই দৃশ্যগুলোর অবতারণা করতে হয়েছে বলে মত শাকিব খানের।
উপস্থিত গণমাধ্যমকর্মীদের মুখোমুখি হয়ে দর্শকদের সিনেমাটিকে সামগ্রিকভাবে দেখার আহ্বান জানান। পাশাপাশি শুধু খণ্ডিত দৃশ্য দিয়ে পুরো সিনেমার উদ্দেশ্যকে বিচার না করার অনুরোধও করেন শাকিব খান।
আজমান রুশো পরিচালিত ‘রকস্টার’ সিনেমায় আগুন নামে একজন রকস্টারের চরিত্রে অভিনয় করেছেন শাকিব খান। তার সঙ্গে রয়েছেন সাবিলা নূর, তানজিয়া জামান মিথিলা, সুনিধি নায়েক প্রমুখ।
ঢাকা/রোহান/শান্ত
লালমনিরহাট সীমান্তে ৩৩ জনকে পুশইনের চেষ্টা, বিজিবির বাধা