সমালোচকদের কড়া জবাব দিলেন শাকিব খান
বিনোদন প্রতিবেদক || রাইজিংবিডি.কম
‘রকস্টার’ সিনেমার দৃশ্য
ঢাকাই সিনেমার মেগাস্টার শাকিব খান বরাবরই নিজেকে ভাঙতে পছন্দ করেন। দর্শকদের নিত্যনতুন ও বিশ্বমানের সিনেমা উপহার দেওয়াই তার এখন মূল লক্ষ্য। তবে প্রতিবার যখন নতুন রূপে পর্দায় হাজির হন, তখন একদল সমালোচকও নেতিবাচক মন্তব্যের ভাণ্ডার নিয়ে প্রস্তুত থাকেন। এবার সেসব সমালোচকদের কড়া জবাব দিয়ে নিজের নয়া মিশন ও সিনেমার সফলতার গল্প শোনালেন এই শীর্ষ নায়ক।
বৃহস্পতিবার (৫ জুন) বহুল প্রতীক্ষিত ‘রকস্টার’ চলচ্চিত্রের বিশেষ প্রদর্শনী উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে ক্ষোভ ও আত্মবিশ্বাসের কথা তুলে ধরেন শাকিব খান। সংবাদ সম্মেলনে শাকিব খান তার বিগত কয়েক বছরের কাজের ধারা এবং সিনেমার পেছনের লড়াইয়ের কথা উল্লেখ করেন।
শাকিব খান বলেন, “আপনারা হয়তো দেখে থাকবেন কিছু বছর ধরে কারো ভালো লাগুক বা না লাগুক—আমি আমার মতো করে চেষ্টা করে যাই। ভিন্ন ভিন্ন ধারার, ভিন্ন ভিন্ন গল্প যতটুকু সম্ভব বিশ্বমানের সিনেমা আপনাদের সামনে প্রেজেন্ট করি। যতটুকু সম্ভব আমি আমার কাজ দিয়ে, আশেপাশের সবাইকে সাথে নিয়ে বিশ্বমানের চলচ্চিত্র বিশ্বদরবারে পৌঁছে দেওয়ার ছোট্ট ছোট্ট প্রয়াস সবসময় করে যাই।”
মেগাস্টার মনে করিয়ে দেন যে, তার ক্যারিয়ারের মেগা প্রজেক্টগুলো মুক্তির আগেও এক শ্রেণির মানুষ নেতিবাচক প্রচার চালিয়েছিল। কিন্তু দর্শক সবকিছুর জবাব বক্স অফিসে দিয়েছেন। উদাহরণ টেনে শাকিব খান বলেন, “যখন ‘প্রিয়তমা’ করেছি, তখনো একটা গ্রুপ বলেছে—‘বৃদ্ধ লুক, সিনেমা চলবে না’। কিন্তু সেটি ছিল এভারগ্রিন হিট সিনেমা, মানুষের অনেক পছন্দ হয়েছে।”
‘তুফান’ সিনেমার প্রসঙ্গে শাকিব খান বলেন, “যখন ‘তুফান’ করেছি, রাফির প্রথম অ্যাকশন ওরিয়েন্টেড সিনেমা, হার্ডকোর অ্যাকশন সিনেমা। রোমান্টিক সিনেমা থেকে সুপার ডুপার অ্যাকশন সিনেমা। সো, তুফানও সুপারডুপার ব্লকবাস্টার সিনেমা হয়েছে।”
‘বরবাদ’ সিনেমায় শাকিবের চরিত্র নিয়ে নেতিবাচক সমালোচনা হয়েছিল। তা-ও স্মরণ করেন শাকিব। তিনি বলেন, “যখন ‘বরবাদ’ করেছি, তখন বলেছে—‘ভাই শুধু ড্রাগস আর কোকেনই খায়! সমাজ ধ্বংস হয়ে যাবে, এই হবে সেই হবে, সিনেমা চলবে না একদিনও’। ‘বরবাদ’ সিনেমাও আপনারা দেখেছেন, সুপারডুপার; একদম ব্লকবাস্টার একটা সিনেমা।”
অতীতের সব বাধা ও সমালোচনা ডিঙিয়ে এবারো শাকিব খান নতুন এক প্রজেক্ট নিয়ে হাজির হয়েছেন। ‘রকস্টার’ সিনেমা নিয়ে আশাবাদ ব্যক্ত করে এই তারকা বলেন, “এবারো আমি ছোট্ট একটা চেষ্টা করেছি।”
ঈদুল আজহা উপলক্ষে প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে ‘রকস্টার’ সিনেমা। আজমান রুশো পরিচালিত এ সিনেমায় আগুন নামে একজন রকস্টারের চরিত্রে অভিনয় করেছেন শাকিব খান। তার সঙ্গে রয়েছেন সাবিলা নূর, তানজিয়া জামান মিথিলা, সুনিধি নায়েক প্রমুখ।
ঢাকা/রোহান/শান্ত
লালমনিরহাট সীমান্তে ৩৩ জনকে পুশইনের চেষ্টা, বিজিবির বাধা