ঢাকা     শনিবার   ০৬ জুন ২০২৬ ||  জ্যৈষ্ঠ ২৩ ১৪৩৩ || ২০ জিলহজ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

উন্নত চিকিৎসার জন্য ভারত যাচ্ছেন শাহনাজ কাকলী

জ্যেষ্ঠ প্রতিবেদক  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৫৩, ৬ জুন ২০২৬  
উন্নত চিকিৎসার জন্য ভারত যাচ্ছেন শাহনাজ কাকলী

জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত নির্মাতা শাহনাজ কাকলী স্ট্রোক করার পর নানান শারীরিক জটিলতায় ভুগছেন। দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নেওয়ার পর এবার উন্নত চিকিৎসার জন্য তাকে ভারতের বেঙ্গালুরুর মনিপাল হাসপাতালে নেওয়ার প্রস্তুতি চলছে। 

শাহনাজ কাকলীর সর্বশেষ শারীরিক অবস্থা ও চিকিৎসা পরিকল্পনা নিয়ে কথা বলেছেন তার স্বামী অভিনেতা প্রাণ রায়। তিনি জানান, দীর্ঘদিন চিকিৎসা চললেও কাঙ্ক্ষিত অগ্রগতি দেখা যাচ্ছে না। সে কারণেই উন্নত চিকিৎসার জন্য ভারতে নেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।

প্রাণ রায় বলেন, “কাকলীর শারীরিক অবস্থার খুব একটা উন্নতি হয়নি। এখন ভারতে চিকিৎসার জন্য চেষ্টা করছি। সবকিছু ঠিক থাকলে শিগগিরই যেতে পারব। বর্তমানে সে বাসায় আছে এবং নিয়মিত থেরাপি চলছে।”

ভারত যাত্রার প্রস্তুতির বিষয়ে তিনি আরও বলেন, “প্রয়োজনীয় কাগজপত্রের কাজ প্রায় শেষ পর্যায়ে। আশা করি দু-একদিনের মধ্যে পাসপোর্ট ও ভিসার প্রক্রিয়া সম্পন্ন হবে। আগামী ১৫ তারিখের দিকে বেঙ্গালুরু যাওয়ার পরিকল্পনা রয়েছে। সেখানে মনিপাল হাসপাতালে তাকে ভর্তি করানো হবে।”

জানা গেছে, অসুস্থতার কারণে শাহনাজ কাকলী স্বাভাবিক জীবনযাপন ও পেশাগত কর্মকাণ্ড থেকে অনেকটাই দূরে রয়েছেন। পরিবার, স্বজন এবং শুভানুধ্যায়ীদের সহযোগিতায় তার চিকিৎসা অব্যাহত রয়েছে।

বাংলাদেশের চলচ্চিত্রাঙ্গনে শাহনাজ কাকলী স্বতন্ত্রধারার নির্মাতা হিসেবে পরিচিত। গল্প বলার ভিন্নধর্মী দৃষ্টিভঙ্গি ও নির্মাণশৈলীর জন্য তিনি দর্শক-সমালোচক উভয়েরই প্রশংসা অর্জন করেছেন। তার অসুস্থতার খবর ছড়িয়ে পড়ার পর চলচ্চিত্র অঙ্গনের অনেকেই উদ্বেগ প্রকাশ করে দ্রুত সুস্থতা কামনা করেছেন।

ঢাকা/রাহাত//

সর্বশেষ

পাঠকপ্রিয়