শেরপুর সীমান্তে পুশইন রুখে দিলো বিজিবি
শেরপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম
নালিতাবাড়ী উপজেলার রামচন্দ্রকুড়া সীমান্ত দিয়ে ছজনকে বাংলাদেশে ঠেলে পাঠানোর চেষ্টা করে বিএসএফ।
শেরপুরের নালিতাবাড়ী উপজেলার রামচন্দ্রকুড়া বিওপির ১১৮ নম্বর পিলারের সীমান্তের শূন্য লাইন থেকে ৪০০ গজ ভারতের ভেতরে ছয়জনকে বিএসএফ পুশইনের চেষ্টা করে। বিজিবি এবং জনসাধারণের সম্মিলিত প্রচেষ্টায় তা প্রতিরোধ করা হয়েছে।
শুক্রবার (৫ জুন) দুপুরে এ ঘটনা ঘটেছে। শনিবার (৬ জুন) ময়মনসিংহ ৩৯ বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নুরুল আজিম বায়েজীদ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
বিজিবি জানায়, ২২ বিএসএফ ব্যাটালিয়নের বাবুরামবিল ক্যাম্পের আওতাধীন চেরাংপাড়া নামক স্থানে ছয়জন লোককে ভারতের মেঘালয় থেকে ধরে নিয়ে এসে মানব পাচারকারী চক্রের সহায়তায় বাংলাদেশে পুশইনের জন্য রাখে। পরে কাঁটাতার বিহীন সীমান্ত এলাকা দিয়ে শুক্রবার দুপুরে বাংলাদেশে ঠেলে দেওয়ার পরিকল্পনা করে। পরে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বাধা দেয় বিজিবি। পরবর্তীতে তাদের চেষ্টা ব্যর্থ হয়।
এ ব্যাপারে ময়মনসিংহ ৩৯ বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নুরুল আজিম বায়েজীদ বলেন, ৩৯ বিজিবি ময়মনসিংহ ও শেরপুর জেলার আন্তর্জাতিক সীমানা রক্ষায় এবং যেকোনো প্রকার অবৈধ কার্যক্রম প্রতিরোধে দিনরাত ২৪ ঘণ্টা জাগ্রত থেকে দায়িত্ব পালন করে যাচ্ছে।
সীমান্তে মাদক, চোরাচালানি মালামাল এবং অবৈধ অনুপ্রবেশ, পুশইন রোধকল্পে বিজিবি কঠোর নীতি অনুসরণ করছে। এই ধারা ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানান তিনি।
ঢাকা/তারিকুল/বকুল
হাম উপসর্গে আরো ৩ শিশুর মৃত্যু