ঢাকা     শনিবার   ০৬ জুন ২০২৬ ||  জ্যৈষ্ঠ ২৩ ১৪৩৩ || ২০ জিলহজ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

নোয়াখালীতে নিষিদ্ধ ছাত্রলীগের ২৪ নেতাকর্মী গ্রেপ্তার 

নোয়াখালী প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৪৫, ৬ জুন ২০২৬   আপডেট: ১৭:০২, ৬ জুন ২০২৬
নোয়াখালীতে নিষিদ্ধ ছাত্রলীগের ২৪ নেতাকর্মী গ্রেপ্তার 

নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা নোয়াখালী সদর উপজেলায় বিক্ষোভ মিছিল করে।

নোয়াখালীর সদর উপজেলায় নিষিদ্ধ ছাত্রলীগের বিক্ষোভ মিছিলকে কেন্দ্র করে যুবলীগ ও ছাত্রলীগের ২৪ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় প্রকাশ করা হয়নি। পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারদের মধ্যে নয়জন যুবলীগ এবং ১৫ জন ছাত্রলীগের নেতাকর্মী।

শনিবার (৬ জুন) বিকেলে সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তৌহিদুল ইসলাম এ তথ্য জানান। তিনি জানান, শুক্রবার (৫ জুন) দিবাগত রাতে উপজেলার এওজবালিয়া, কালাদরাপ ও নোয়াখালী পৌরসভা বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

আরো পড়ুন:

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার (৫ জুন) বিকেলে সদর উপজেলার নোয়ান্নই ইউনিয়নের বাঁধেরহাট বাজার এলাকায় ছাত্রলীগের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়। এ সময় অংশগ্রহণকারীরা মব সন্ত্রাস ও চাঁদাবাজিবিরোধী বিভিন্ন স্লোগান দেয়। মিছিল চলাকালে বাজার এলাকায় কয়েকজন পুলিশ সদস্য উপস্থিত থাকলেও মিছিলকারীর সংখ্যা বেশি হওয়ায় তাৎক্ষণিক কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। ঘটনাটি জেলায় ব্যাপক আলোচনার জন্ম দেয়।

স্থানীয়দের ভাষ্যমতে, নোয়ান্নই ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি আশরাফুল করিম বাবুর নেতৃত্বে বিক্ষোভ মিছিল হয়। তাদের উপস্থিতি দেখে মনে হয়েছে, কর্মসূচি আগে থেকে নির্ধারিত ছিল। দুপুর থেকে সংগঠনটির হাজারেরও অধিক নেতাকর্মী বাঁধেরহাট বাজার এলাকায় জড়ো হতে শুরু করে। 

সুধারাম মডেল থানার ওসি মো. তৌহিদুল ইসলাম বলেন, রাতভর অভিযান চালিয়ে ২৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
 

ঢাকা/তারিকুল/বকুল 

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়