মুশফিকুর-তাওহীদের সেঞ্চুরি, মোস্তাফিজের ৪ উইকেট
টানা দ্বিতীয় সেঞ্চুরির দেখা পেলেন তাওহীদ হৃদয়। মুশফিকুর রহিমের ব্যাট থেকেও এলো দ্যুতিময় সেঞ্চুরি। এছাড়া ইরফান শুক্কুর রানের ধারাবাহিকতায় তিন অঙ্কের ম্যাজিকাল নাম্বারের দেখা পেয়েছেন। আবাহনী লিমিটেডের হয়ে খেলতে নেমে মোস্তাফিজুর রহমান প্রথম ম্যাচেই ৪ উইকেট নিয়ে জয়ের নায়ক হয়েছেন।
ওয়ালটন স্মার্ট ফ্রিজ ঢাকা প্রিমিয়ার লিগের নবম রাউন্ডে প্রত্যাশিত জয় পেয়েছে শিরোপা প্রত্যাশী দুই দল মোহামেডান স্পোর্টিং ক্লাব ও আবাহনী লিমিটেড। ৯ ম্যাচে ৮ জয়ে ১৬ পয়েন্ট নিয়ে মোহামেডান রয়েছে পয়েন্ট টেবিলের শীর্ষে। আবাহনী মোহামেডানের ঘাড়ে ১৪ পয়েন্ট নিয়ে নিঃশ্বাস নিচ্ছে। ৯ ম্যাচে ৭ জয় তাদের। দুই দলের রান রেটও বেশ ভালো। মোহামেডানের ২.৭২৯। আবাহনীর ২.০৯৪।
প্রতিযোগিতার দশম রাউন্ডে দুই দল জিতলে এগারতম রাউন্ডে যারা জিতবে তাদের হাতেই যাবে শিরোপা। বৃষ্টির কারণে ঢাকা লিগের পাঁচ ম্যাচ আজ রিজার্ড ডেতে ফয়সালা হয়েছে।
গতকাল লিজেন্ডস অব রূপগঞ্জ ইরফান শুক্কুরের ১১৯ রানের ইনিংসে ভর করে ২৭৫ রান তোলে। বৃষ্টি আইনে আবাহনী ২০ ওভারে ১৬৩ রানের টার্গেট পায়। ১৮.৫ ওভারে ৩ উইকেট হাতে রেখে লক্ষ্যে পৌঁছে যায় আবাহনী। মোস্তাফিজুর প্রথমবার খেলতে নেমে ৯.৪ ওভারে ৩০ রানে ৪ উইকেট পান।
মোহামেডান বৃষ্টি আইনে গাজী গ্রুপ ক্রিকেটার্সকে ৪৭ রানে হারায়। মোহামেডানের হয়ে ৬৬ বলে ১০১ রান করেন তাওহীদ। মুশফিকুর ৫৫ বলে করেন ১০০ রান। এই ইনিংস খেলার পথে মুশফিকুর প্রথম বাংলাদেশি ক্রিকেটার হিসেবে লিস্ট এ ক্রিকেটে ১২ হাজার রানের মাইলফলক পেরিয়ে গেছেন। ক্যারিয়ারের ১৬তম সেঞ্চুরি পেয়েছেন। তাদের দুজনের সেঞ্চুরিতে মোহামেডান ৪ উইকেটে ৩৩৩ রান করে। বৃষ্টি আইনে গাজী গ্রুপ ৪২ ওভারে ৩৩৫ রানের টার্গেট পায়। ওই লক্ষ্য তাড়া করতে নেমে সাব্বির হোসেন শিকদারের ব্যাটে জবাব দেয় গাজী গ্রুপ। ১০৪ রান করেন সাব্বির। কিন্তু শেষ পর্যন্ত তাদের হারতে হয় ৪৭ রানে।
এছাড়া প্রাইম ব্যাংক ১৬ রানে রূপগঞ্জ টাইগার্সকে, বসুন্ধরা স্ট্রাইকার্স ৩১ রানে ঢাকা লেপার্ডস এবং গুলশান ক্লাব ১৭ রানে হারায় সিটি ক্লাবকে।
ঢাকা/ইয়াসিন/সাইফ
হাম উপসর্গে আরো ৩ শিশুর মৃত্যু