ঠাকুরগাঁও সীমান্তে ১১ জনকে পুশইনের চেষ্টা, রুখে দিয়েছে বিজিবি
ঠাকুরগাঁও প্রতিনিধি || রাইজিংবিডি.কম
ঠাকুরগাঁওয়ের হরিপুর সীমান্ত দিয়ে নারী ও শিশুসহ ১১ জনকে বাংলাদেশে পুশইনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে, বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) তাৎক্ষণিক তৎপরতায় তা ব্যর্থ হয়েছে।
শুক্রবার (৬ মে) গভীর রাতে হরিপুর উপজেলার মশালগাঁও সীমান্তে এ ঘটনা ঘটে।
বিজিবি জানিয়েছে, পুশইনের চেষ্টার খবর পেয়ে বিজিবির টহল দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে সীমান্তের শূন্যরেখায় অবস্থানরত ব্যক্তিদের বাংলাদেশে প্রবেশে বাধা দেয়। এখন তারা ভারতের অভ্যন্তরে অবস্থান করছেন। এ ঘটনায় বিজিবি ও বিএসএফের মধ্যে পতাকা বৈঠক চলছে। সীমান্তে বিজিবির অতিরিক্ত জনবল মোতায়েনসহ নজরদারি জোরদার করা হয়েছে।
শূন্যরেখায় অবস্থানরত ব্যক্তিরা দাবি করছেন, তারা ভারতের পশ্চিমবঙ্গে বাস করতেন। কয়েকদিন আটকে রাখার পর তাদেরকে সীমান্তের দিকে পাঠানো হয়।
কান্নাজড়িত কণ্ঠে এক শিশু বলে, “আমরা গরিব মানুষ, আমাদের কিছুই নাই।”
অন্যদের অভিযোগ, মুসলমান হওয়ায় তাদেরকে ধরে এনে বাংলাদেশে পুশইনের চেষ্টা করা হচ্ছে।
এদিকে, সারা দেশের বিভিন্ন সীমান্ত এলাকায় ‘পুশইন’ নিয়ে উদ্বেগের মধ্যে ঠাকুরগাঁও সীমান্তে জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। সম্ভাব্য যেকোনো অনুপ্রবেশ বা পুশইনের চেষ্টা প্রতিহত করতে সীমান্তজুড়ে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বিজিবির পাশাপাশি সীমান্ত পাহারায় স্বতঃস্ফূর্তভাবে অংশ নিচ্ছেন স্থানীয় বাসিন্দারাও।
এ বিষয়ে ৪২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ আল মঈন হাসান জানিয়েছেন, সীমান্তে সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে। এ বিষয়ে বিএসএফের সঙ্গে যোগাযোগ অব্যাহত আছে।
ঢাকা/হিমেল/রফিক