শরীয়তপুরে শোভাযাত্রায় উচ্ছ্বাসে মাতল আর্জেন্টাইন সমর্থকরা
শরীয়তপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম
আর্জেন্টাইন সমর্থকরা শোভাযাত্রা করে।
শরীয়তপুরে আর্জেন্টিনা ফ্যান ক্লাবের বর্ণাঢ্য মোটরসাইকেল ও ট্রাক শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। এই আয়োজনে শুধু তরুণরা নন, শিশু-কিশোর থেকে শুরু করে নারী সমর্থকরাও অংশ নেয়।
শনিবার (৬ জুন) বিকেলে শরীয়তপুর সদর উপজেলা প্রাঙ্গণ থেকে শোভাযাত্রাটি শুরু হয়। পরে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।
আগামীকাল ১১ জুন থেকে কানাডা, মেক্সিকো ও যুক্তরাষ্ট্রে ফিফা ওয়াল্ডকাপ ২০২৬ শুরু হচ্ছে। ৪৮টি দল এ আয়োজনে অংশ নেবে। খেলা চলবে ১৯ জুলাই পর্যন্ত। এ বিশ্বকাপ ফুটবলে অন্যতম ফেভাহিট দল আজেন্টিনা।
শোভাযাত্রায় শতাধিক মোটরসাইকেল ও কয়েকটি ট্রাক অংশ নেয়। নীল-সাদা পতাকা, ব্যানার ও ফেস্টুনে সাজানো যানবাহনগুলো শহরজুড়ে উৎসবমুখর আবহ তৈরি করে।
আয়োজকরা জানান, ফুটবল কেবল একটি খেলা নয়, এটি আবেগ, ভালোবাসা ও ঐক্যের প্রতীক। প্রিয় দল আর্জেন্টিনার প্রতি ভালোবাসা প্রকাশ এবং সমর্থকদের একত্রিত করতেই এই আয়োজন করা হয়েছে। নীল-সাদার এই বর্ণিল শোভাযাত্রা যেন প্রমাণ করলো, ফুটবল মাঠের গণ্ডি পেরিয়ে মানুষের হৃদয়ে জায়গা করে নেওয়া এক অনন্য অনুভূতির নাম আর্জেন্টিনা।
শোভাযাত্রায় অনেককে দেখা যায় আর্জেন্টিনার জার্সি পরে, মুখে ও হাতে দলের পতাকার রঙ এঁকে নিজেদের প্রিয় দলের প্রতি ভালোবাসা প্রকাশ করতে।
ভালোবাসার দল আর্জেন্টিনার প্রতি সমর্থন জানাতে মুখে নীল-সাদা রঙের আঁকিবুঁকি আর হাতে প্রিয় দলের পতাকা নিয়ে শোভাযাত্রায় হাজির হন তরুণ নাদিম। তিনি বলেন, ‘‘খেলা হয় বিদেশের মাটিতে। তবে আমরা আমাদের দলের প্রতি ভালবাসা রেখে এই আনন্দ মিছিলে সামিল হয়েছি। বিশ্ববাসী দেখুক, আমরা বাংলাদেশে মানুষ আর্জেন্টিনাকে কতটা ভালবাসি।’’
এখানে আসা একজন তরুণী বৃষ্টি রানী সরকার বলেন, ‘‘আমি মেসিকে অনেক পছন্দ করি। বিশেষ করে তার খেলা দেখে অনুপ্রাণিত হই। আমাদের পরিবারের সকল সদস্য আর্জেন্টিনার ভক্ত। আমি সেই ভালবাসা থেকে আজ এই মিছিলে সকলের ন্যায় অংশ নিয়েছি।’’ তিনি আশাবাদী এবারো আর্জেন্টিনা চ্যাম্পিয়ন হবে।
আর্জেন্টিনা ফ্যান্স ক্লাবের সদস্য ও আয়োজক সুজন মোল্লা বলেন, ‘‘প্রতিবারের ন্যায় এবারো আমরা আর্জেন্টিনার সমর্থকরা একত্রিত হয়ে আনন্দ শোভাযাত্রা বের করেছি। কয়েকশত মোটরসাইকেল আর ট্রাকের বহর ছিল। আমরা শান্তিপূর্ণভাবে আয়োজনটি সমাপ্ত করেছি। আমরা শরীয়তপুর আর্জেন্টিনার সমর্থকরা প্রিয় দলের জন্য শুভ কামনা জানাই।’’
ঢাকা/আকাশ/বকুল
হাম উপসর্গে আরো ৩ শিশুর মৃত্যু