ধামরাইয়ে ২ বাসের মুখোমুখি সংঘর্ষে আহত ২৫
সাভার প্রতিনিধি || রাইজিংবিডি.কম
সংঘর্ষে ক্ষতিগ্রস্ত বাস।
ঢাকার ধামরাইয়ে ঢাকা-আরিচা মহাসড়কে দুটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে অন্তত ২৫ জন আহত হয়েছেন। এ সময় মহাসড়কের উভয় পাশে ৫ কিলোমিটার যানজটের সৃষ্টি হয়।
শনিবার (০৬ জুন) দুপুরে উপজেলার সুতিপাড়া ইউনিয়নের বালিথা বাথুলি এলাকায় ঢাকা-আরিচা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর। তবে তাদের বিস্তারিত পরিচয় জানা যায়নি।
খবর পেয়ে ধামরাই ফায়ার স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে। পরে স্থানীয় স্থানীয়দের সহায়তায় আহত ব্যক্তিদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও স্থানীয় বিভিন্ন ক্লিনিকে পাঠানো হয়।
ধামরাই ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আল আমিন খান বলেন, দুর্ঘটনাস্থলে গিয়ে তারা তিনজনকে আহত অবস্থায় পেয়েছেন। এর আগে অন্য আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। উদ্ধারকাজ শেষে দুপুর ২টার দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে এবং যান চলাচল স্বাভাবিক হয়।
ঢাকা/সাব্বির/বকুল
হাম উপসর্গে আরো ৩ শিশুর মৃত্যু