বাপ্পারাজের পরিবর্তে সভাপতি প্রার্থী আরমান, সা. সম্পাদক মুক্তি
জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম
বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৬-২৮ মেয়াদের দ্বিবার্ষিক নির্বাচন আগামী ৩ জুলাই অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। নির্বাচন ঘিরে সম্ভাব্য প্রার্থীরা ইতোমধ্যে প্যানেল গোছানোর কাজে ব্যস্ত সময় পার করছেন। এরই মধ্যে সভাপতি পদে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন চলচ্চিত্রাঙ্গনের পরিচিত ফাইট ডিরেক্টর, অভিনেতা, প্রযোজক ও পরিচালক আরমান। অন্যদিকে সাধারণ সম্পাদক পদে তার সঙ্গে থাকছেন জনপ্রিয় অভিনেত্রী রুমানা ইসলাম মুক্তি।
মূলত চিত্রনায়ক বাপ্পারাজ ব্যক্তিগত ও পারিবারিক কারণ দেখিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর পর সভাপতি পদে আরমানের প্রার্থিতা চূড়ান্ত হয়। বিষয়টি নিশ্চিত করেছেন আরমান ও মুক্তি দুজনই।
চলচ্চিত্র শিল্পী সমিতির বিভিন্ন মেয়াদে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন আরমান। সর্বশেষ তিনি সংগঠনটির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্বও পালন করেন। তবে এবারই প্রথম সভাপতি পদে নির্বাচনে অংশ নিচ্ছেন তিনি।
নির্বাচনে অংশ নেওয়ার কারণ ব্যাখ্যা করে আরমান বলেন, “সিনিয়র ও জুনিয়র শিল্পীদের উৎসাহ এবং সমর্থনেই সভাপতি পদে প্রার্থী হওয়ার সিদ্ধান্ত নিয়েছি। অতীতেও শিল্পীরা আমাকে যেভাবে আস্থা দিয়েছেন, এবারও সেই সমর্থন পাব বলে বিশ্বাস করি। শিল্পী সমিতিকে ঘিরে আমাদের বেশ কিছু পরিকল্পনা রয়েছে। নির্বাচিত হলে শিল্পীদের কল্যাণে সেগুলো বাস্তবায়নের চেষ্টা করব।”
অন্যদিকে সাধারণ সম্পাদক পদে প্রার্থী হওয়ার বিষয়ে রুমানা ইসলাম মুক্তি বলেন, “ব্যক্তিগত ও পারিবারিক ব্যস্ততার কারণে বাপ্পা ভাই এবার নির্বাচনে অংশ নিতে পারছেন না। শিল্পীদের আগ্রহেই আরমান মামা সভাপতি পদে প্রার্থী হয়েছেন। আমরা গুণী ও অভিজ্ঞ শিল্পীদের সমন্বয়ে একটি শক্তিশালী প্যানেল গঠন করেছি।”
মুক্তি আরো বলেন, “মায়ের স্বপ্ন, শিল্পীদের অনুরোধ এবং দীর্ঘদিনের সাংগঠনিক অভিজ্ঞতা থেকেই সাধারণ সম্পাদক পদে নির্বাচনের সিদ্ধান্ত নিয়েছি। আমরা কথার চেয়ে কাজে বিশ্বাসী। নির্বাচিত হলে শিল্পীদের সমস্যা সমাধান ও কল্যাণে সর্বোচ্চ আন্তরিকতা নিয়ে কাজ করব।”
উল্লেখ্য, এর আগে সভাপতি পদে নির্বাচনের ঘোষণা দিয়েছিলেন বাপ্পারাজ। রুমানা ইসলাম মুক্তিকে সঙ্গে নিয়ে প্যানেল গঠনের কথাও জানান তিনি। তবে শেষ মুহূর্তে ব্যক্তিগত ও পারিবারিক কারণ দেখিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ান এই জনপ্রিয় অভিনেতা।
এদিকে আসন্ন নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করবেন চলচ্চিত্র প্রযোজক ও পরিচালক কামাল মো. কিবরিয়া লিপু। আর আপিল বোর্ডের প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত নির্মাতা ছটকু আহমেদ।
ঢাকা/রাহাত//