তোফায়েল আহমেদসহ ১৬ সাবেক এমপি-মন্ত্রীর মৃত্যুতে সংসদে শোকপ্রস্তাব
জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম
নয় বারের সংসদ সদস্য, সাবেক মন্ত্রী ও মুক্তিযোদ্ধা তোফায়েল আহমেদসহ ১৬ জন সাবেক মন্ত্রী, প্রতিমন্ত্রী, হুইপ ও সংসদ সদস্যের মৃত্যুতে জাতীয় সংসদে শোকপ্রস্তাব আনা হয়েছে।
রবিবার (৭ জুন) জাতীয় সংসদ অধিবেশনে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীরবিক্রম এ শোকপ্রস্তাব উত্থাপন করেন।
শোকপ্রস্তাবে বলা হয়, তোফায়েল আহমেদের মৃত্যুতে দেশ একজন বর্ষীয়ান রাজনীতিবিদ, বীর মুক্তিযোদ্ধা ও সমাজসেবককে হারালো।
তোফায়েল আহমেদ সম্পর্কে শোকপ্রস্তাবে উল্লেখ করা হয়, বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের অধিকারী তোফায়েল আহমেদ উনসত্তরের গণঅভ্যুত্থান ও মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ছিলেন। তিনি ১৯৬৯ সালে ছাত্রলীগের সভাপতি, ১৯৬৭-১৯৬৯ সালে ডাকসুর সহ-সভাপতি এবং ১৯৬৬-৬৭ সালে ইকবাল হল, বর্তমান সার্জেন্ট জহুরুল হক হলের সহ-সভাপতির দায়িত্ব পালন করেন।
১৯৭১ সালের মুক্তিযুদ্ধে বাংলাদেশ লিবারেশন ফ্রন্টের চার অঞ্চলপ্রধানের একজন ছিলেন তোফায়েল আহমেদ। আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য হিসেবেও তিনি দায়িত্ব পালন করেছেন।
তোফায়েল আহমেদ ১৯৭০ সালে পাকিস্তান জাতীয় পরিষদের সদস্য নির্বাচিত হন। স্বাধীনতার পর তিনি ৯ বার সংসদ সদস্য নির্বাচিত হন এবং একাধিকবার মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন।
সংসদ তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ, আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে।
যাদের নামে শোকপ্রস্তাব আনা হয়েছে:
১. সৈয়দ মো. কায়সার, জাতীয় পার্টির সাবেক এমপি, হুইপ ও প্রতিমন্ত্রী। ২য়, ৩য় ও ৪র্থ সংসদ, সিলেট-১৭
২. অধ্যাপক এম.এ. মান্নান, বিএনপির সাবেক এমপি ও প্রতিমন্ত্রী। ৫ম সংসদ, গাজীপুর-২
৩. জিএম ফজলুল হক, বিএনপির সাবেক এমপি। ৭ম ও ৮ম সংসদ, চাঁদপুর-৩
৪. এবিএম আনোয়ারুল হক, সাবেক এমপি, ৯ম সংসদ, মানিকগঞ্জ-১
৫. ব্যারিস্টার শফিক আহমেদ, সাবেক টেকনোক্রেট মন্ত্রী। ৯ম সংসদ
৬. মুক্তিযোদ্ধা মো. সামসুদ্দোহা, সিপিবির সাবেক এমপি। ৫ম সংসদ, নীলফামারী-২
৭. আবু নূর মোহাম্মদ বাহাউল হক, জাতীয় পার্টির সাবেক এমপি। ৪র্থ সংসদ, নারায়ণগঞ্জ-৩
৮. দেওয়ান শামসুল আবেদীন, বিএনপির সাবেক এমপি। ২য় সংসদ, সুনামগঞ্জ-৩
৯. গোলাম সারোয়ার মিলন, জাতীয় পার্টির সাবেক এমপি ও উপমন্ত্রী। ৩য় সংসদ, মানিকগঞ্জ-৪
১০. মো. মোসলেম উদ্দিন, সাবেক এমপি। ৩য়, ৭ম, ৯ম, ১০ম ও একাদশ সংসদ, ময়মনসিংহ-৬
১১. মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, সাবেক এমপি ও মন্ত্রী। চট্টগ্রাম-১
১২. মিজানুর রহমান সিনহা, বিএনপির সাবেক এমপি ও প্রতিমন্ত্রী। ৭ম ও ৮ম সংসদ, মুন্সিগঞ্জ-২
১৩. আলহাজ্ব মো. দবিরুল ইসলাম, সাবেক এমপি। ঠাকুরগাঁও-২
১৪. মুক্তিযোদ্ধা তোফায়েল আহমেদ, সাবেক এমপি ও মন্ত্রী। ভোলা-১
১৫. মুক্তিযোদ্ধা মো. আব্দুল মতিন, সাবেক এমপি। মৌলভীবাজার-২
১৬. একেএম রহমত উল্লাহ, সাবেক এমপি। ঢাকা-১১
ঢাকা/এএএম//