বিরোধীদলীয় নেতার সঙ্গে সিঙ্গাপুরের হাইকমিশনারের সাক্ষাৎ
জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত সিঙ্গাপুরের নন-রেসিডেন্ট হাইকমিশনার ডেরেক লোহ।
সোমবার (১৮ মে) রাজধানীর বসুন্ধরায় জামায়াত আমিরের কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
এ সময় সিঙ্গাপুর হাইকমিশনের চার্জ দ্য অ্যাফেয়ার্স মাইকেল লি সাউথ এবং সাউথ এশিয়ার কান্ট্রি ডিরেক্টর তাই দায়ে আর্ন উপস্থিত ছিলেন।
অন্যদিকে বৈঠকে বিরোধীদলীয় নেতার পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা ব্যারিস্টার মীর আহমদ বিন কাসেম আরমান উপস্থিত ছিলেন।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৈঠকে বাংলাদেশের বর্তমান রাজনৈতিক ও অর্থনৈতিক পরিস্থিতি, শিল্প-বাণিজ্যের উন্নয়ন, জাতীয় সংসদ নির্বাচন-পরবর্তী গণতান্ত্রিক অগ্রগতি, গণভোট এবং জুলাই সনদ বাস্তবায়নের মাধ্যমে প্রয়োজনীয় রাষ্ট্রীয় সংস্কারসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে মতবিনিময় হয়।
সাক্ষাৎকালে হাইকমিশনার ডেরেক লোহ বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন ও গণতান্ত্রিক অগ্রযাত্রায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইতিবাচক ভূমিকার প্রশংসা করেন।
একই সঙ্গে তিনি ভবিষ্যতে বাংলাদেশ ও সিঙ্গাপুরের মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্ক আরো জোরদার, সহযোগিতার ক্ষেত্র সম্প্রসারণ এবং উভয় দেশের উন্নয়ন উদ্যোগে নতুন সম্ভাবনা সৃষ্টির আশাবাদ ব্যক্ত করেন।
সাক্ষাৎ শেষে উভয়পক্ষ বাংলাদেশের গণতান্ত্রিক অগ্রগতি, অর্থনৈতিক সমৃদ্ধি এবং পারস্পরিক সহযোগিতা জোরদারের বিষয়ে একমত পোষণ করেন।
এ সময় হাইকমিশনার বিরোধীদলীয় নেতাকে সিঙ্গাপুর সফরের আমন্ত্রণ জানান।
ঢাকা/আসাদ/সাইফ
ঈদুল আজহায় সংবাদপত্রে ছুটি ৫ দিন (২৬ থেকে ৩০ মে): নোয়াব