ঢাকা     সোমবার   ১৮ মে ২০২৬ ||  জ্যৈষ্ঠ ৪ ১৪৩৩ || ২ জিলহজ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

গবির আইন বিভাগের বিদায় অনুষ্ঠান

গবি সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:৩৪, ১৮ মে ২০২৬  
গবির আইন বিভাগের বিদায় অনুষ্ঠান

সাভারের গণ বিশ্ববিদ্যালয়ে (গবি) বর্ণাঢ্য আয়োজনে আইন বিভাগের ২৬তম ব্যাচের বিদায় ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে শিক্ষক-শিক্ষার্থীরা বিদায়ী শিক্ষার্থীদের ভবিষ্যৎ জীবনের সফলতা কামনা করেন।

সোমবার (১৮ মে) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনের মিলনায়তন কক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

আরো পড়ুন:

বিদায়ী শিক্ষার্থীদের পক্ষ থেকে বক্তব্য দেন তামান্না হোসাইন। তিনি বলেন, “বিশ্ববিদ্যালয়ে কাটানো সময় স্মৃতিতে অমলিন হয়ে থাকবে। নিয়মিত ক্লাস, সহপাঠীদের সঙ্গে আড্ডা—সবকিছুরই আজ সমাপ্তি ঘটল। প্রাতিষ্ঠানিক জীবনের ইতি টেনে সবাই নতুন জীবনের পথে যাত্রা শুরু করছেন।”

আইন বিভাগের উপদেষ্টা অধ্যাপক আতাউর রহমান খান বলেন, “ডা. জাফরুল্লাহ চৌধুরীর সম্মতিতে তার হাত ধরেই গণ বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের যাত্রা শুরু হয়। পারিবারিক আইন, ভূমি আইন ও প্রশাসনিক আইন বিষয়ে প্রশিক্ষণ দেওয়ার পরিকল্পনা থেকেই বিভাগের সূচনা।”

তিনি আরো বলেন, “আইন বিভাগ একটি প্রাণবন্ত বিভাগ। আইন পড়ে শুধু আইন পেশায় যেতে হবে, এমন বাধ্যবাধকতা নেই। একজন শিক্ষার্থী আইন বিষয়ে পড়াশোনা করে রাজনীতিবিদ, অর্থনীতিবিদ কিংবা কৃষিজীবী হিসেবেও মানবসেবায় অবদান রাখতে পারেন। আইন হলো অস্ত্রের মতো।”

প্রধান অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. আবুল হোসেন বলেন, “এটি শুধু একটি ডিগ্রি অর্জন নয়; বরং জীবনের নতুন অধ্যায়ে পদার্পণ। দীর্ঘ প্রতিকূলতা পেরিয়ে তোমরা নতুন জীবনে প্রবেশ করছো। দেশের সেবায় এবং ন্যায়নীতির ভিত্তিতে কাজ করাই হবে তোমাদের দায়িত্ব।”

সভাপতির বক্তব্যে বিভাগের ভারপ্রাপ্ত প্রধান মনজুরুল ইসলাম বলেন, “বিদায়ের মুহূর্ত একই সঙ্গে আনন্দঘন ও বিষাদময়। বিদায় কেবল আনুষ্ঠানিকতা, বিশ্ববিদ্যালয়ের সঙ্গে শিক্ষার্থীদের সম্পর্ক কখনো বিচ্ছিন্ন হওয়ার নয়।

অনুষ্ঠানে বিদায়ী শিক্ষার্থীদের হাতে সম্মাননা স্মারক তুলে দেন আমন্ত্রিত অতিথিরা। এ সময় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের ডিন, বিভাগীয় প্রধান, শিক্ষক-শিক্ষার্থী এবং কেন্দ্রীয় ছাত্র সংসদের ভিপি, জিএস, সাংস্কৃতিক সম্পাদক ও কার্যকরী সদস্যরা উপস্থিত ছিলেন।
আলোচনা পর্ব শেষে শিক্ষার্থীদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে আয়োজনের সমাপ্তি ঘটে।

ঢাকা/রিফাত/জান্নাত

সর্বশেষ

পাঠকপ্রিয়