ঢাকা     সোমবার   ১৮ মে ২০২৬ ||  জ্যৈষ্ঠ ৪ ১৪৩৩ || ২ জিলহজ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

সিলেটে ৪৩৭ রান করে বিশ্ব রেকর্ড করার কথাই ভাবছে পাকিস্তান

ক্রীড়া প্রতিবেদক, সিলেট থেকে || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:৪৫, ১৮ মে ২০২৬  
সিলেটে ৪৩৭ রান করে বিশ্ব রেকর্ড করার কথাই ভাবছে পাকিস্তান

পাকিস্তানের জন্য সমীকরণ খুব সহজ। হয় দুদিন ২২ গজে ‘ঘাপটি মেরে’ টিকে থাকো নয়তো ৪৩৭ রানের টার্গেট তাড়া করো! সিরিজ বাঁচাতে হলে পাকিস্তানকে সিলেট টেস্ট জিততেই হবে। আর ড্রয়ের আশা করলে ৬ সেশন ব্যাটিং করতে হবে নাহিদ রানা, তাসকিন আহমেদ ও মেহেদী হাসান মিরাজদের সামনে। পাকিস্তান কোন পথে যাবে?

পাকিস্তানের প্রতিনিধি হয়ে সোমবার তৃতীয় দিনের খেলা শেষে সংবাদ সম্মেলনে এসেছিলেন পেস বোলিং কোচ উমর গুল। তিনি জানিয়েছেন, পাকিস্তান জয়ের জন্যই খেলবে। তার ভাষ্য, ‘‘আমাদের হাতে এখনও দুই দিন সময় আছে, এবং যদিও মেঘলা আবহাওয়া বা বৃষ্টির সম্ভাবনা থাকতে পারে, আমরা মানসিকভাবে প্রস্তুত যে যথেষ্ট সময় রয়েছে। যদি আমরা পুরো সময় ব্যাট করতে পারি, তাহলে জয়ের সুযোগ আছে। কারণ আমরা শুধু ড্র করার কথা ভাবছি না। আমি আগেই বলেছি, আমরা রান তাড়া করার জন্য প্রস্তুত। দুই বা তিনটি ভালো জুটি খুবই গুরুত্বপূর্ণ হবে। ৪৩৭ রান তাড়া করতে হলে সাহসী হতে হবে এবং ইতিবাচক ক্রিকেট খেলতে হবে। ক্রিকেটে যেকোনো কিছু সম্ভব, এবং দুই দলেরই সুযোগ রয়েছে।’’

আরো পড়ুন:

তবে ইতিহাস পাকিস্তানের পক্ষে কথা বলছে না। টেস্টে পাকিস্তানের চারশর বেশি রান তাড়া করে জয়ের রেকর্ড নেই। ৪৩৭ রান করতে পারলে টেস্ট ক্রিকেটের ইতিহাসে নতুন অধ্যায় লিখবে পাকিস্তান। কারণ, টেস্টের চতুর্থ ইনিংসে সর্বোচ্চ রান তাড়া করে জয়ের রেকর্ড এখনো ওয়েস্ট ইন্ডিজের দখলে। ২০০৩ সালে অস্ট্রেলিয়ার দেওয়া ৪১৮ রানের লক্ষ্য ছুঁয়ে ইতিহাস গড়েছিল ক্যারিবীয়রা। এরপর আর কেউ সেই রেকর্ড ভাঙতে পারেনি।
বাংলাদেশ ১০ উইকেট নিতে পারলে পাকিস্তানকে হোয়াইটওয়াশ করবে। যেই কাজটা দুই বছর আগে রাওয়ালপিন্ডিতে করেছে বাংলাদেশ। তবে পাকিস্তানকে আশা দেখাচ্ছে সিলেটের উইকেট। উইকেট এখনো ব্যাটিং উপযোগী বলে মনে করছেন উমর গুল, ‘‘সত্যি বলতে, প্রথম দিনে উইকেটে আর্দ্রতার কারণে বোলারদের জন্য সহায়তা ছিল, কিছু সিম ও সুইং পাওয়া যাচ্ছিল। দ্বিতীয় ও তৃতীয় দিনে আমি বলব, এটি ব্যাটারদের জন্য একদম ভালো ছিল। বল এমনভাবে ব্যাটে আসছে যে ব্যাটাররা অনেক সময় পাচ্ছে। এখন পর্যন্ত পিচ ব্যাটিংয়ের জন্য খুবই ভালো রয়েছে।’’

বাংলাদেশের মাটিতে, বাংলাদেশের বিপক্ষে একাধিক ম্যাচ খেলেছেন উমর গুল। বাংলাদেশের পেস আক্রমণ উমর গুলের কাছে একেবারেই নতুনভাবে ধরা দিয়েছে। এই দলটার পেস আক্রমণের প্রশংসা করেছেন। আর নাহিদ রানাকে নিয়ে বলেছেন, ‘‘যেকোনো দলের জন্যই ১৪০+ কিমি/ঘণ্টা গতিতে বল করতে পারে এমন বোলার থাকা খুবই সৌভাগ্যের বিষয়; এটি বিশেষ করে ব্যাটারদের বিপক্ষে শর্ট বল ব্যবহারে অনেক সাহায্য করে। গতি সবসময়ই গুরুত্বপূর্ণ, যেকোনো ফরম্যাটে। নাহিদ রানার সেই সামর্থ্য আছে এবং সে এখনও তরুণ। আমি আশা ও দোয়া করি ভবিষ্যতে সে আরও উন্নতি করবে। সে বাংলাদেশ ক্রিকেটের জন্য বড় সম্পদ, এবং তার সামনে উজ্জ্বল ভবিষ্যৎ রয়েছে।’’

ঢাকা/ইয়াসিন/আমিনুল

সর্বশেষ

পাঠকপ্রিয়