নাফ নদী থেকে ৪ বাংলাদেশি জেলেকে ধরে নিয়ে গেল আরাকান আর্মি
কক্সবাজার প্রতিনিধি || রাইজিংবিডি.কম
কক্সবাজারের টেকনাফ উপজেলার নাফ নদী থেকে ৪ বাংলাদেশি জেলেকে ধরে নিয়ে গেছে মিয়ানমারের সশস্ত্র সংগঠন আরাকান আর্মি। এ সময় তাদের ব্যবহৃত দুটি ইঞ্জিনচালিত নৌকা নিয়ে গেছে।
সোমবার (১৮ মে) দুপুরে নাফ নদীতে মাছ ধরার সময় এ ঘটনা ঘটে।
আটক জেলেরা হলেন- টেকনাফ পৌরসভার ৯ নম্বর জালিয়াপাড়া এলাকার সৈয়দ আমিনের ছেলে মো. মনির আহমেদ (৪৫), একই এলাকার জাহাঙ্গীর আলমের ছেলে মো. ইয়াছিন (১৮), মৃত আব্দুল নবীর ছেলে আব্দুল মালেক (৫০) এবং জাফর আলমের ছেলে মো. জামাল হোসেন (৪০)।
জেলেরা জানান, টেকনাফ ব্যাটালিয়নের (২ বিজিবি) সাবরাং বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত পিলার-৪ এর প্রায় দুই কিলোমিটার পূর্ব দিকে নাফ নদীতে মাছ ধরছিলেন তারা। একপর্যায়ে বাংলাদেশের জলসীমা অতিক্রম করে মিয়ানমারের অভ্যন্তরে প্রবেশ করলে আরাকান আর্মির সদস্যরা তাদের আটক করে নিয়ে যায়।
টেকনাফ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হানিফুর রহমান ভূঁইয়া বলেন, “নাফ নদীতে মাছ শিকারের সময় বাংলাদেশি জেলেদের দুটি ইঞ্জিনচালিত নৌকা অনাকাঙ্ক্ষিতভাবে মিয়ানমারের জলসীমায় প্রবেশ করলে আরাকান আর্মির সদস্যরা ৪ জেলেকে আটক করে নিয়ে গেছে বলে জেনেছি। বিষয়টি নিয়ে বিস্তারিত তথ্য সংগ্রহ ও যাচাই-বাছাই কার্যক্রম চলমান রয়েছে।”
এর আগে, গত ৯ মে আরাকান আর্মির কাছ থেকে ১৪ বাংলাদেশি জেলেকে ফিরিয়ে আনে বিজিবি। পরে যাচাই-বাছাই শেষে জেলেদের বিজিবির হেফাজতে নেওয়া হয় এবং আইনগত প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
ঢাকা/তারেকুর/রাজীব
ঈদুল আজহায় সংবাদপত্রে ছুটি ৫ দিন (২৬ থেকে ৩০ মে): নোয়াব