ঢাকা     সোমবার   ১৮ মে ২০২৬ ||  জ্যৈষ্ঠ ৪ ১৪৩৩ || ২ জিলহজ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

গাজীপুরে ডাকাতির পর ৮ গরু উদ্ধার, আটক ৪

গাজীপুর পূর্ব প্রতিনিধি  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:১৯, ১৮ মে ২০২৬  
গাজীপুরে ডাকাতির পর ৮ গরু উদ্ধার, আটক ৪

গাইবান্ধা থেকে কোরবানির হাটে বিক্রির উদ্দেশ্যে নারায়ণগঞ্জের ফতুল্লার দিকে নেওয়ার সময় আটটি গরু ছিনিয়ে নিয়েছিল ডাকাতরা। এর এক দিন পর সোমবার (১৮ মে) দুপুরে গাজীপুরে অভিযান চালিয়ে সবগুলো গরু উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় চারজনকে আটক করা হয়েছে।

পুলিশ ও সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, গাইবান্ধার বরাতখালী গরুর হাট থেকে আটটি গরু কিনে একটি পিকআপ ভ্যানে করে ফতুল্লার উদ্দেশে রওনা দেন ব্যবসায়ীরা। যাত্রাপথে গত শনিবার গভীর রাতে ঢাকা–টাঙ্গাইল মহাসড়কের গাজীপুরের নাওজোর এলাকায় পৌঁছালে একটি হায়েস গাড়ি দিয়ে তাদের গতিরোধ করে একদল ডাকাত।

ডাকাতরা ধারালো অস্ত্রের ভয় দেখিয়ে পিকআপ ভ্যানের চালক ও গরু ব্যবসায়ীদের মারধর করে। পরে তাদের হাত-পা বেঁধে পাশের একটি নির্জন স্থানে ফেলে রেখে গরুগুলো নিয়ে দ্রুত পালিয়ে যায়। 

ভুক্তভোগী ব্যবসায়ীরা স্থানীয়দের সহায়তায় কালিয়াকৈর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। এর ভিত্তিতে পুলিশ তথ্য প্রযুক্তির সহায়তায় অভিযান শুরু করে।

কালিয়াকৈর থানার উপ-পরিদর্শক (এসআই) জাহাঙ্গীর আলম জানান, সোমবার দুপুরে গাজীপুর সদর উপজেলার বাঘের বাজার এলাকায় অভিযান চালানো হয়। সেখানে একটি দোকানের সামনে থেকে সাতটি জীবিত গরু এবং একটি গরুর মাংস উদ্ধার করা হয়।

তিনি আরো জানান, অভিযানকালে ডাকাতিতে জড়িত সন্দেহে চারজনকে আটক করা হয়েছে। উদ্ধার করা গরু ও আটক ব্যক্তিদেরকে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের বাসন থানায় হস্তান্তর করা হয়েছে।

ঢাকা/রফিক সরকার/রফিক

সর্বশেষ

পাঠকপ্রিয়