হত্যা মামলায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাবেক ডিজি সাব্বির কারাগারে
লালমনিরহাট সংবাদদাতা || রাইজিংবিডি.কম
সীমান্তে আটক পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাবেক মহাপরিচালক (ডিজি) মো. সাব্বির বিন শামসকে লালমনিরহাটে আওয়ামী লীগ নেতার বাড়িতে অগ্নিসংযোগ করে ৬ জনকে হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হয়েছে।
রবিবার (১৭ মে) বিকেলে তাকে লালমনিরহাট সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলি আদালত-১-এ হাজির করা হলে বিচারক মো. আলাউদ্দিন তার জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
এর আগে, শনিবার সকালে লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার দহগ্রাম সীমান্ত দিয়ে বাংলাদেশে অনুপ্রবেশের সময় তাকে আটক করে পাটগ্রাম থানা পুলিশ।
সাব্বির বিন শামস বিগত আওয়ামী লীগ সরকার আমলে চুক্তিভিত্তিক পররাষ্ট্র মন্ত্রণালয়ের ডিজি ও লন্ডন হাইকমিশনে মিনিস্টার হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়া, লন্ডন হাইকমিশনের সাবেক মিনিস্টার ছিলেন। তার বিরুদ্ধে দুদকের মামলা রয়েছে।
পুলিশ জানায়, শনিবার পাটগ্রাম উপজেলার দহগ্রাম সীমান্ত হয়ে অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশ করেন সাব্বির বিন শামস। তার চলাফেরা দেখে সন্দেহ হলে স্থানীয়রা থানায় খবর দেন। পরে পুলিশ তাকে আটক করে লালমনিরহাট জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশে সোপর্দ করে। এ সময় তার কাছ থেকে ৭টি পাসপোর্ট উদ্ধার করা হয়।
ডিবি কার্যালয়ে জিজ্ঞাসাবাদ শেষে রবিবার তাকে সদর থানায় সোপর্দ করা হয়। পরে তাকে লালমনিরহাট জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক সাখাওয়াত হোসেন সুমন খানের বাড়িতে অগ্নিসংযোগ করে ৬ জনকে হত্যার ঘটনায় দায়ের হওয়া মামলায় গ্রেপ্তার দেখানো হয়।
২০২৪ সালের ৫ আগস্ট বিকেলে এ নেতার লালমনিরহাট শহরের বাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এতে ৫ শিক্ষার্থীসহ ৬ জনের মৃত্যু হয়।
রবিবার সাব্বির বিন শামসকে লালমনিরহাট সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলি আদালত-১-এ হাজির করে জামিন আবেদন করা হলে বিচারক আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
লালমনিরহাট সদর থানার ওসি সাদ আহমেদ এসব তথ্য নিশ্চিত করেছেন।
ঢাকা/নিয়াজ/রাজীব