অর্থ সংকটে ভর্তি অনিশ্চিত, শিক্ষার্থীর পাশে ছাত্রদল নেতা বাসিত
অর্থনৈতিক সংকটের কারণে যখন এক শিক্ষার্থীর উচ্চশিক্ষার স্বপ্ন থেমে যাওয়ার উপক্রম, ঠিক তখনই মানবিকতার হাত বাড়িয়ে দিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) সাবেক শিক্ষার্থী মো. কাজী জিয়া উদ্দিন বাসিত।
রবিবার (১৭ মে) রাজধানীর সিদ্বেশ্বরী কলেজে ওই শিক্ষার্থীর ভর্তি কার্যক্রম সম্পন্ন করা হয়।
সম্প্রতি সিদ্ধেশ্বরী কলেজের ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে ম্যানেজমেন্ট বিভাগে ভর্তিচ্ছু এক শিক্ষার্থী আর্থিক সংকটের কারণে ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে হিমশিম খাচ্ছিলেন। পরিবারের সীমিত সামর্থ্যের কারণে তার শিক্ষাজীবন অনিশ্চয়তার মুখে পড়ে। বিষয়টি স্থানীয় শিক্ষার্থী ও সহপাঠীদের মাধ্যমে জানতে পারেন মো. কাজী জিয়া উদ্দিন বাসিত। পরে তিনি ব্যক্তিগত উদ্যোগে ওই শিক্ষার্থীর ভর্তির জন্য প্রয়োজনীয় আর্থিক সহায়তা দেন।
কাজী জিয়া উদ্দিন বাসিত বলেছেন, “সমাজের পিছিয়ে পড়া ও সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের পাশে দাঁড়ানোই ছাত্ররাজনীতির প্রকৃত সৌন্দর্য। বর্তমানে অনেক শিক্ষার্থীই আর্থিক সংকটের কারণে উচ্চশিক্ষার পথ থেকে ঝরে পড়ে। একজন শিক্ষার্থীর স্বপ্ন থেমে যাক, এটা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কখনোই চায় না।”
ভর্তি সহায়তা পাওয়া শিক্ষার্থী ও তার পরিবার আবেগাপ্লুত হয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তারা জানিয়েছেন, হঠাৎ এমন সহযোগিতা তাদের জন্য আশীর্বাদ হিসেবে এসেছে। অর্থ সংকটের কারণে ভর্তি নিয়ে যে দুশ্চিন্তা তৈরি হয়েছিল, এ সহায়তার মাধ্যমে তা দূর হয়েছে। তারা কাজী জিয়া উদ্দিন বাসিতসহ সংশ্লিষ্ট সবাইকে আন্তরিক ধন্যবাদ জানিয়েছেন।
ঢাকা/নজরুল/রফিক