ঢাকা     সোমবার   ১৮ মে ২০২৬ ||  জ্যৈষ্ঠ ৪ ১৪৩৩ || ৩০ জিলকদ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

বাবাকে ঋণমুক্ত করতে ছেলের মাইকিং

কুড়িগ্রাম প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:৪৯, ১৭ মে ২০২৬  
বাবাকে ঋণমুক্ত করতে ছেলের মাইকিং

বাবাকে ঋণমুক্ত করতে মাইকিং করে প্রচার করে ছেলে।

বাবা মৃত্যুশয্যায়। তাই বাবাকে ঋণের বোঝা থেকে মুক্ত করতে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন কুড়িগ্রামের উলিপুর উপজেলার মারুফ হোসেন। উপজেলা শহরসহ বিভিন্ন এলাকায় মাইকিং করে বাবার ঋণ পরিশোধের ঘোষণা দিয়ে দৃষ্টান্ত স্থাপন করেছেন তিনি। এ ঘটনা এলাকায় আলোচনার জন্ম দিয়েছে।

উপজেলার ধরনীবাড়ী ইউনিয়নের মধুপুর গ্রামের কাপড় ব্যবসায়ী বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন (৯০) দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা রোগে শয্যাশায়ী। সাত মাস ধরে তিনি অসুস্থ অবস্থায় দিন কাটাচ্ছেন। বাবার জীবদ্দশাতেই তার সব দেনা-পাওনা পরিশোধ করতে উদ্যোগ নেন ছেলে মারুফ হোসেন (৩৮)।

আরো পড়ুন:

রবিবার (১৭ মে) সামাজিক যোগাযোগমাধ্যমেও মারুফ হোসেনের এ উদ্যোগ প্রশংসা কুড়িয়েছে। অনেকে এটিকে সন্তানের দায়িত্ববোধ ও পারিবারিক মূল্যবোধের উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে দেখছেন।

শনিবার (১৬ মে) দিনব্যাপী একটি অটোভ্যানে মাইকিং করে তিনি ঘোষণা দেন, তার বাবার কাছে কারো পাওনা থাকলে যেন যোগাযোগ করা হয়। বাবার ঋণ পরিশোধ করে তাকে দুশ্চিন্তামুক্ত রাখতে এই উদ্যোগ নিয়েছেন বলে জানান তিনি।

ছেলে মারুফ হোসেন বলেন, ‘‘আমার বাবা গত সাত মাস ধরে মৃত্যুশয্যায় আছেন। বাবা ঋণ রেখে মারা যাবে, এটা আমি চাই না। আমি মনে করি, প্রত্যেক ছেলে-মেয়ের উচিত বাবা-মা বেঁচে থাকতে তাদের দায়-দেনা পরিশোধ করা। এতে তারা মানসিক শান্তি পায়।’’ 

স্থানীয় বাসিন্দা আমিনুল ইসলাম বলেন, এমন দায়িত্বশীল ও মানবিক উদ্যোগ কম দেখা যায়। একজন ছেলে বাবার সম্মান রক্ষায় যেভাবে এগিয়ে এসেছে, তা সত্যিই প্রশংসনীয়।

ঢাকা/সৈকত/বকুল 

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়