ঢাকা     রোববার   ১৭ মে ২০২৬ ||  জ্যৈষ্ঠ ৩ ১৪৩৩ || ১ জিলহজ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

অপরাধীর শাস্তি নিশ্চিতে গুম প্রতিরোধ আইন প্রণীত হবে: আইনমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:১৫, ১৭ মে ২০২৬   আপডেট: ২১:১৬, ১৭ মে ২০২৬
অপরাধীর শাস্তি নিশ্চিতে গুম প্রতিরোধ আইন প্রণীত হবে: আইনমন্ত্রী

ছবি: রাইজিংবিডি 

আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, গুমের সঙ্গে জড়িত অপরাধীদের কঠোর শাস্তি নিশ্চিত করতে অংশীজনদের সঙ্গে আলোচনা সাপেক্ষে যথাযথ আইন প্রণয়ন করা হবে। 

রবিবার (১৭ মে) সন্ধ্যায় রাজধানীর সিরডাপ মিলনায়তনে জাতীয় মানবাধিকার কমিশন এবং গুম সংক্রান্ত আইন প্রণয়নের লক্ষ্যে আয়োজিত অংশীজন সভায় তিনি একথা বলেন।

আরো পড়ুন:

আইনমন্ত্রী বলেন, ‘‘এখানে অনেক বিষয় চিন্তাভাবনা করার ব্যাপার রয়েছে। হুট করে এমন আইন প্রণয়ন করা ঠিক হবে না যেটা অপরাধীকে শাস্তি দেওয়ার বদলে লাভবান করবে। আমরা এ বিষয়ে যথাযথভাবে পর্যাপ্ত আলোচনা করার পর সিদ্ধান্ত নিতে চাচ্ছি। হঠাৎ করে একটি সিদ্ধান্ত নিয়ে তা অনুযায়ী আইন করা হলে যদি সেটা কাজেই না লাগে এবং অপরাধী যদি পার পেয়ে যায় বা উপকৃত হয় তাহলে সে আইন করা সার্থক হবে না।’’ 

গুমের বিষয়টি অত্যন্ত সংবেদনশীল। এখানে বহু বিবেচনাধীন বিষয় রয়েছে, যা অংশীজনদের সঙ্গে একাধিক আলোচনার মাধ্যমে উঠে আসবে উল্লেখ করে তিনি আরো বলেন, ‘‘তবে আপনারা নিশ্চিত থাকুন, বাংলাদেশে গুম যাতে আর কখনোই ফিরে আসতে না পারে- এমন একটি আইন প্রণয়ন করা হবে।’’  

উন্মুক্ত আলোচনা পর্বে উপস্থিত অংশীজনেরা গুম প্রতিরোধে বাস্তবসম্মত আইন প্রণয়নে গুম সংক্রান্ত অপরাধের মাত্রা অনুযায়ী শাস্তির মেয়াদ প্রণয়ন, তদন্তকারী কর্মকর্তার ন্যূনতম যোগ্যতার মানদণ্ড প্রবর্তন এবং এ অপরাধের সার্বিক বিচারিক কার্যক্রমকে একটি নির্দিষ্ট সময়ের মধ্যে সম্পন্ন করার জন্য প্রয়োজনীয় বিধি সংযোজন করার ওপর গুরুত্বারোপ করেন।

সভায় স্বাগত বক্তব্য রাখেন আইন মন্ত্রণালয়ের লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের সচিব ড. হাফিজ আহমেদ চৌধুরী। এতে আরও বক্তব্য রাখেন, সিলেট-২ আসনের সংসদ সদস্য তাসলিমা রুশদী, জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনের সদস্য ও মানবাধিকার সংগঠন ‘মায়ের ডাক’-এর সমন্বয়ক সানজিদা ইসলাম তুলি, অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল, ইউএনডিপির আবাসিক প্রতিনিধি স্টিফেন লিলারসহ প্রমুখ। 

এ ছাড়াও সভায় আইন মন্ত্রণালয়সহ বিভিন্ন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা ও জাতীয় মানবাধিকার কমিশনের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ বিভিন্ন মানবাধিকার সংগঠনের প্রতিনিধি এবং আইনজীবীরা উপস্থিত ছিলেন। 

ঢাকা/রায়হান/ 

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়