নির্বাচনে নারী প্রতিনিধি বাড়াতে ইসির সঙ্গে ইউএন উইমেনের বৈঠক
নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নারী প্রতিনিধিদের অংশগ্রহণ কম থাকার কারণ এবং তা কীভাবে বাড়ানো যায় এ বিষয়ে নির্বাচন কমিশনের (ইসি) কাছে করণীয় জানতে চেয়েছে জাতিসংঘের নারী বিষয়ক সংস্থা ইউএন উইমেন।
রবিবার (১৭ মে) রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে ইসির সঙ্গে ইউএন উইমেন প্রতিনিধি দলের বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ।
তিনি বলেন, ‘‘সদ্য অনুষ্ঠিত নির্বাচনের অভিজ্ঞতার আলোকে নির্বাচন-পরবর্তী পরিস্থিতি ও পর্যবেক্ষণ নিয়ে বিভিন্ন প্রশ্ন করেছে ইউএন উইমেন। বিশেষ করে নারী প্রতিনিধিদের উপস্থিতি কম থাকার বিষয়ে জানতে চাওয়া হয় এবং কীভাবে তা বাড়ানো যায় সে বিষয়ে আলোচনা হয়েছে।
আখতার আহমেদ বলেন, “আমরা জানিয়েছি, বর্তমানে ৭ জন নারী সংসদ সদস্য রয়েছেন। তবে আরও নারী প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন। নির্বাচনে জয়ী হয়ে আসতে হবে বলেই প্রতিনিধিত্ব বাড়ানোর বিষয়টি নির্ভর করছে।”
তিনি আরও বলেন, “৩৫০ আসনের সংসদে সংরক্ষিত ৫০ নারী আসনসহ মোট সদস্য সংখ্যা ৫৭। স্থানীয় সরকার নির্বাচনে নারীদের অংশগ্রহণ আরও বাড়বে বলেও আমরা জানিয়েছি।”
ভোটার তালিকায় নারী-পুরুষের ব্যবধান কমিয়ে আনার বিষয়েও আলোচনা হয়েছে জানিয়ে ইসি সচিব বলেন, “ভোটার তালিকায় নারী-পুরুষের ব্যবধান আগে প্রায় ৩০ লাখ ছিল। বর্তমানে তা কমে ১৮ লাখে নেমে এসেছে। এটি আরও কমানোর জন্য কাজ চলছে।’’
এবারের নির্বাচনে কোনো সহিংসতা, ভোট বাক্স ছিনতাই কিংবা বড় ধরনের অনিয়মের ঘটনা ঘটেনি বলেও প্রতিনিধি দলকে জানানো হয়েছে।
বৈঠকে ইউএন উইমেনের পক্ষ থেকে কোনো নির্দিষ্ট পরামর্শ দেওয়া হয়েছে কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে আখতার আহমেদ বলেন, “তারা আমাদের সঙ্গে কাজ করে যাচ্ছে এবং ভবিষ্যতেও এ সহযোগিতা অব্যাহত রাখবে বলে জানিয়েছে।”
এ সময় প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন, নির্বাচন কমিশনার তাহমিদা আহমদ এবং ইউএন উইমেন-এর প্রতিনিধি দলে ছিলেন অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল ও ডেপুটি এক্সিকিউটিভ ডিরেক্টর ন্যারাদজাই গুম্বনজভান্দা, রিজিওনাল ডিরেক্টর ক্রিস্টিন আরব, প্রতিনিধি গীতাঞ্জলি সিং, ডেপুটি রিপ্রেজেন্টেটিভ নবনীতা সিনহা এবং ইউনিট ম্যানেজার তপাটি সাহা।
ঢাকা/এমএসবি//