ঢাকা     শনিবার   ১৬ মে ২০২৬ ||  জ্যৈষ্ঠ ২ ১৪৩৩ || ২৮ জিলকদ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

চলচ্চিত্রে মৌ, মুক্তি ঈদে

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৪৫, ১৬ মে ২০২৬   আপডেট: ১৪:৪৬, ১৬ মে ২০২৬
চলচ্চিত্রে মৌ, মুক্তি ঈদে

সাদিয়া ইসলাম মৌ

দেশের ফ্যাশন ও বিনোদন অঙ্গনের অন্যতম জনপ্রিয় মুখ সাদিয়া ইসলাম মৌ। মডেলিং, অভিনয় ও নৃত্য—তিন ক্ষেত্রেই দীর্ঘদিন ধরে নিজের সৌন্দর্য, ব্যক্তিত্ব ও অভিনয় দক্ষতায় দর্শকদের মুগ্ধ করে আসছেন তিনি। এবার ঈদে দর্শকদের জন্য হাজির হচ্ছেন এক ভিন্নধর্মী চরিত্রে।

কাজী আনোয়ার হোসেনের জনপ্রিয় উপন্যাস ‘আর্তনাদ’ অবলম্বনে নির্মিত হয়েছে নতুন ওয়েব সিনেমা ‘সারার সংসার’। সিনেমাটি পরিচালনা করেছেন আকা রেজা গালিব। এতে কেন্দ্রীয় চরিত্র ‘সারা’ হয়ে অভিনয় করেছেন মৌ। আসন্ন কোরবানির ঈদ উপলক্ষে ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিন-এ মুক্তি পাবে সিনেমাটি।

আরো পড়ুন:

সম্প্রতি প্রকাশ করা হয়েছে সিনেমার ফার্স্ট লুক পোস্টার। পোস্টার প্রকাশের পর থেকেই দর্শকদের মধ্যে তৈরি হয়েছে বাড়তি আগ্রহ। কারণ, এটি কেবল পারিবারিক গল্প নয়; বরং পারিবারিক আবেগের আড়ালে লুকিয়ে আছে টানটান রহস্য ও থ্রিলারের আবহ।

মূল উপন্যাস ‘আর্তনাদ’-এর প্রেক্ষাপট ছিল সত্তরের দশক। তবে সময়ের সঙ্গে সামঞ্জস্য রেখে এর গল্পকে আধুনিক প্রেক্ষাপটে নতুনভাবে নির্মাণ করা হয়েছে। চিত্রনাট্য লিখেছেন কাজী আনোয়ার হোসেনের পুত্রবধূ মাসুমা মায়মুর। প্রযোজনায় রয়েছে ইমপ্রেস টেলিফিল্ম।

গল্পে দেখা যাবে, এক রাতে ঘটনাক্রমে মেয়ের গোপন প্রেমিককে হত্যা করে ফেলে সারা। মেয়ের সম্মান রক্ষার জন্য ঘটনাটি গোপন রাখার চেষ্টা করতে গিয়ে আরও জটিল পরিস্থিতিতে জড়িয়ে পড়ে সে। লাশ গুম, পুলিশের তদন্ত, অপরাধবোধ, আতঙ্ক আর পারিবারিক সংকট—সব মিলিয়ে গল্পটি এগিয়ে যায় এক শ্বাসরুদ্ধকর আবহে।

চরিত্রটি নিয়ে মৌ বলেন, “অনেক দিন পর এমন একটি চরিত্রে কাজ করলাম, যেখানে আবেগ, ভয় আর মানসিক টানাপোড়েন একসঙ্গে রয়েছে। সারা চরিত্রটি আমার কাছে খুব চ্যালেঞ্জিং মনে হয়েছে। গল্পটা পড়েই বিশ্বাস হয়েছিল, দর্শক নতুন ধরনের কিছু দেখতে পাবেন।”

নির্মাতা আকা রেজা গালিব জানান, কাজী আনোয়ার হোসেনের সাহিত্যভাণ্ডারে মাসুদ রানা ছাড়াও অসংখ্য শক্তিশালী গল্প রয়েছে। ‘সারার সংসার’ সেই ধরনেরই একটি গল্প, যেখানে পারিবারিক সম্পর্কের ভেতরেই লুকিয়ে আছে রহস্য ও সাসপেন্স।

তিনি বলেন, “গল্পটিকে সময়োপযোগী করে দর্শকদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি। ওয়েব ছবিটির মূল আবহ পারিবারিক হলেও এর ভেতরে একটি শক্তিশালী থ্রিলার উপাদান রয়েছে, যা দর্শকদের ভিন্ন অভিজ্ঞতা দেবে।”

ওয়েব সিনেমাটিতে আরও অভিনয় করেছেন গাজী রাকায়েত, রাশেদ মামুন অপু, নাফিস আহমেদ, নাফিসা মালিয়াত প্রমি ও ইহতেশাম আহমেদ টিংকু।

জানা গেছে, গত বছরের জুলাই মাসেই সিনেমাটির দৃশ্যধারণ শেষ হয়। তখন এর নাম ছিল ‘গহীন অতল’। পরে গল্পের আবহ ও চরিত্রের সঙ্গে সামঞ্জস্য রেখে নাম পরিবর্তন করে রাখা হয় ‘সারার সংসার’।

সিনেমাটির শুটিং অভিজ্ঞতা নিয়ে মৌ বলেন, “শুটিংয়ে সবাই খুব আন্তরিক ছিলেন। সহশিল্পীদের সহযোগিতায় কাজটা ভীষণ উপভোগ করেছি। চিত্রনাট্যের গভীরতা, লোকেশন, ক্যামেরার কাজ—সব মিলিয়ে খুব প্রফেশনাল একটি কাজ হয়েছে। এখন ওটিটি দর্শকদের কাছে পৌঁছানোর দারুণ একটি মাধ্যম। এখানে চরিত্র ও গল্প অনেক বেশি বাস্তবভাবে তুলে ধরা যায়।”

অভিনয়ের পাশাপাশি নৃত্যশিল্পী হিসেবেও সমান জনপ্রিয় মৌ। ছোট পর্দা কিংবা ওটিটিতে নিয়মিত দেখা না গেলেও বিশেষ আয়োজন ও উৎসবকেন্দ্রিক অনুষ্ঠানে প্রায়ই উপস্থিত হন তিনি। সেই ধারাবাহিকতায় এবারের ঈদ আনন্দমেলাতেও থাকছে তার বিশেষ পরিবেশনা। নিজের নাচের দল নিয়ে একটি বিশেষ নৃত্য পরিবেশনায় অংশ নিয়েছেন তিনি।

ঢাকা/রাহাত/লিপি

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়