রাজাপুরে স্বাস্থ্য কমপ্লেক্সে ৬ দিন পানি নেই, ভোগান্তিতে রোগীরা
ঝালকাঠি প্রতিনিধি || রাইজিংবিডি.কম
রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স
ঝালকাঠির রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গত ছয়দিন ধরে পানি সরবরাহ বন্ধ রয়েছে। ফলে হাসপাতালটিতে ভর্তি ৮৮জন রোগী, তাদের স্বজন এবং বহির্বিভাগে চিকিৎসা নিতে আসা শত শত মানুষ চরম ভোগান্তির শিকার হচ্ছেন। হাসপাতাল সূত্রে জানা গেছে, প্রায় ৫৫ বছর আগে স্থাপিত সাবমার্সিবল টিউবওয়েলটি অকেজো হয়ে যাওয়ায় এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। দুর্ভোগ লাঘবে চেষ্টা করা হচ্ছে।
সরেজমিনে দেখা গেছে, হাসপাতালের পানির কলগুলো থেকে এক ফোঁটা পানিও পড়ছে না। বাধ্য হয়ে ভর্তি রোগীর স্বজনরা দূরবর্তী খাল বা পুকুর থেকে বালতি ভরে পানি এনে বাথরুমে ব্যবহার করছেন।
রোগী ও তাদের স্বজদের অভিযোগ, সোমবার (১১ মে) থেকে পানি সরবরাহ পুরোপুরি বন্ধ হয়ে গেছে। পানি না থাকায় তারা গোসল করতে পারছেন না। বথরুম ব্যবহারের পর অবর্ণনীয় কষ্টে পড়ছেন। দুর্গন্ধ এবং অপরিচ্ছন্ন পরিবেশের কারণে রোগীরা আরো বেশি অসুস্থ হয়ে পড়ছেন দাবি করেছেন তারা।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. আবুল খায়ের রাসেল বলেন, ‘দীর্ঘদিন ধরেই টিউবওয়েলটিতে সমস্যা দেখা দিচ্ছিল। জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের মাধ্যমে তিনবার মোটর পরিবর্তন করা হলেও প্রতিবারই তা পুড়ে যায়। বর্তমানে পরীক্ষায় দেখা গেছে, মাটির নিচে পানির স্তর (লেয়ার) পাওয়া যাচ্ছে না। বিকল্প হিসেবে হাসপাতালের পুকুর থেকে অস্থায়ীভাবে বাথরুমে পানি সরবরাহের ব্যবস্থা করার চেষ্টা করছি।”
ঝালকাঠি জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী এরশাদুল হক মৃদুল বলেন, “আমরা এখনো লিখিত কোনো পত্র পাইনি। আপাদের মাধ্যমে বিষয়টি শুনলাম। প্রয়োজন হলে বরাদ্দ সাপেক্ষে নতুন টিউবয়েল স্থাপনের ব্যাপারে ব্যবস্থা নেওয়া হবে।”
ঢাকা/অলোক/মাসুদ