মমেকে আরো এক শিশুর মৃত্যু, নতুন ভর্তি ২৩
ময়মনসিংহ প্রতিনিধি || রাইজিংবিডি.কম
ফাইল ফটো
ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গ নিয়ে আরো এক শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে হাম ও উপসর্গ নিয়ে হাসপাতালে ৩৩ শিশুর মৃত্যু হলো।
শুক্রবার (১৫ মে) সকালে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক (প্রশাসন) মো. মাইনউদ্দিন খান এ তথ্য জানান।
তিনি জানান, মারা যাওয়া ছেলে শিশুটির বয়স ১০ মাস। তার বাড়ি ময়মনসিংহের তারাকান্দায়। গত ১২ মে সকালে তাকে হাম উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি করা হয়। শিশুটি নিউমোনিয়াতেও আক্রান্ত ছিল।
এদিকে, গত ২৪ ঘন্টায় হামের উপসর্গ নিয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ২৩ শিশু ভর্তি হয়েছে। সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ২০ শিশু। বর্তমানে এই হাসপাতালে হাম শনাক্ত হয়ে চিকিৎসাধীন আছে ১০৪ শিশু। গত ১৭ মার্চ থেকে এখন পর্যন্ত হাসপাতালে ১৩৪০ শিশু চিকিৎসা নিয়েছে। সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ১২০৩ শিশু।
চিকিৎসকরা জানান, হাম অত্যন্ত ছোঁয়াচে ভাইরাসজনিত রোগ হওয়ায় এটি হাঁচি-কাশি বা সরাসরি সংস্পর্শের মাধ্যমে দ্রুত বাতাসে ছড়িয়ে পড়ছে। অনেক শিশু হামের পাশাপাশি নিউমোনিয়া, ডায়রিয়া নিয়ে হাসপাতালে আসছে।
ঢাকা/মিলন/মাসুদ