ঢাকা     শুক্রবার   ১৫ মে ২০২৬ ||  জ্যৈষ্ঠ ১ ১৪৩৩ || ২৭ জিলকদ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

কোরবানির চামড়া সঠিকভাবে সংরক্ষণ করতে হবে: বাণিজ্যমন্ত্রী

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:৩২, ১৫ মে ২০২৬   আপডেট: ০৮:৩৩, ১৫ মে ২০২৬
কোরবানির চামড়া সঠিকভাবে সংরক্ষণ করতে হবে: বাণিজ্যমন্ত্রী

বিভাগীয় কমিশনার, সিটি করপোরেশনের প্রশাসক ও জেলা প্রশাসকদের সঙ্গে বৃহস্পতিবার ভার্চুয়াল বৈঠক করেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, “কোরবানির একটি চামড়াও যেন নষ্ট না হয় এ বিষয়ে প্রধানমন্ত্রী গুরুত্বারোপ করেছেন। আমরা এটিকে একটি জাতীয় দায়িত্ব ও চ্যালেঞ্জ হিসেবে নিয়েছি।”  

তিনি বলেন, “পবিত্র ঈদুল আজহায় কাঁচা চামড়া সংগ্রহ, সংরক্ষণ, ক্রয়-বিক্রয় ও পরিবহন ব্যবস্থাপনা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সরকার সর্বাত্মক প্রস্তুতি নিয়েছে এবং মাঠপর্যায়ে সক্রিয় তদারকির নির্দেশ দেওয়া হয়েছে।”

আরো পড়ুন:

বৃহস্পতিবার (১৪ মে) সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ভার্চুয়ালি যুক্ত হয়ে বিভাগীয় কমিশনার, সিটি করপোরেশনের প্রশাসক ও জেলা প্রশাসকদের সঙ্গে অনুষ্ঠিত দিকনির্দেশনামূলক সভায় তিনি এসব কথা বলেন।

খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, “কোরবানির চামড়া একটি গুরুত্বপূর্ণ জাতীয় সম্পদ। যথাযথভাবে সংরক্ষণ করা গেলে দেশের চামড়া শিল্প, রপ্তানি আয় এবং এতিমখানা-মাদ্রাসা ও লিল্লাহ বোর্ডিংসমূহের আর্থিক সক্ষমতা বৃদ্ধি পাবে। সামান্য অসচেতনতার কারণে প্রতিবছর বিপুল পরিমাণ চামড়া নষ্ট হয়। এ পরিস্থিতি রোধে সরকার এবার ব্যাপক প্রস্তুতি নিয়েছে।”

তিনি জানান, ঈদের আগে বাকি দুই জুমায় দেশের সব মসজিদে খতিব ও ইমামগণ যেন খুতবা ও বক্তব্যে চামড়া সংরক্ষণের গুরুত্ব এবং সঠিক পদ্ধতিতে চামড়া ছাড়ানোর বিষয়টি তুলে ধরেন। জেলা প্রশাসকদের তত্ত্বাবধানে মাদ্রাসা, এতিমখানা, লিল্লাহ বোর্ডিং এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের জন্য আয়োজিত প্রশিক্ষণ সফল করতে বিভাগীয় কমিশনারদের নজর রাখতে বলেন।”

সভায় জানানো হয়, কাঁচা চামড়ার গুণগত মান রক্ষায় সরকার দেশব্যাপী মাদ্রাসা, এতিমখানা ও লিল্লাহ বোর্ডিংয়ে বিনামূল্যে লবণ সরবরাহের জন্য ১৭ কোটি টাকার বেশি বরাদ্দ দিয়েছে। উপজেলা পর্যায়ে ৫০ হাজার টাকা এবং জেলা পর্যায়ে ৭৫ হাজার টাকা করে মোট ২ কোটি ৬৩ লাখ ৫০ হাজার টাকা প্রশিক্ষণ কার্যক্রমের জন্য বরাদ্দ দেওয়া হয়েছে।

সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ৩ লাখ পোস্টার ও ৮ লাখ লিফলেট বিতরণ করা হবে। টেলিভিশন, রেডিও, জাতীয় পত্রিকা, সামাজিক যোগাযোগমাধ্যম এবং মোবাইল এসএমএসের মাধ্যমে প্রচার চালানো হবে। ঈদের তিনদিন আগে থেকে বিভিন্ন টেলিভিশন চ্যানেলে সচেতনতামূলক তথ্যচিত্র প্রচার করা হবে।

সভায় গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী, কোরবানির ২ থেকে ৪ ঘণ্টার মধ্যে চামড়ায় লবণ প্রয়োগ, প্রতি গরুর চামড়ায় ৮-১০ কেজি ও ছাগলের চামড়ায় ৩-৪ কেজি লবণ ব্যবহার, বায়ু চলাচলসমৃদ্ধ স্থানে সংরক্ষণ, স্থানীয় পর্যায়ে ৭-১০ দিন পর্যন্ত সংরক্ষণে উৎসাহ, পশুর হাটে পর্যাপ্ত লবণ সরবরাহ, অপপ্রচার রোধে তাৎক্ষণিক ব্যবস্থা এবং সড়ক-মহাসড়কের পাশে হাট না বসানোর নির্দেশ দেওয়া হয়েছে।

বাণিজ্যমন্ত্রী বলেন, “সবার সম্মিলিত প্রচেষ্টায় আমরা যদি পরিকল্পনাগুলো যথাযথভাবে বাস্তবায়ন করতে পারি, তাহলে ইনশাআল্লাহ এ বছর একটি চামড়াও নষ্ট হবে না এবং দেশের এই মূল্যবান সম্পদ সংরক্ষণ করা সম্ভব হবে।”

এএএম/মাসুদ

ঢাকা/এএএম/মাসুদ

সর্বশেষ

পাঠকপ্রিয়