ঢাকা     বৃহস্পতিবার   ১৪ মে ২০২৬ ||  চৈত্র ৩১ ১৪৩৩ || ২৭ জিলকদ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

কলাবাগান থেকে নারী-শিশুর মরদেহ উদ্ধার

ফরিদপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:৩৭, ১৪ মে ২০২৬  
কলাবাগান থেকে নারী-শিশুর মরদেহ উদ্ধার

ফরিদপুর ও রাজবাড়ী জেলার মধ্যবর্তী স্থানে এক কলাবাগান থেকে অজ্ঞাত এক নারী ও এক কন্যা শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৪ মে) বিকেল ৪টা ৩০ মিনিটের দিকে ফরিদপুর সদরের চর মাধবদিয়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের অন্তর্গত ইখলাস মাতুব্বরের কলাবাগান এলাকায় এ দুটি লাশ পাওয়া যায়। এলাকাটি গোয়ালন্দের বগেরটিলা-সংলগ্ন সীমান্ত এলাকায় অবস্থিত।

স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, কুলসুম বেগম নামে এক নারী বিকেলে ওই কলাবাগানের পাশে ছাগল চরাতে যান। সেখানে একটি কুকুরকে মাটি খুঁড়তে দেখে তার মনে সন্দেহ জাগে। কাছে যেতেই তিনি পচা গন্ধ পান এবং মাটির নিচে মানুষের পায়ের গোড়ালি দেখতে পেয়ে চিৎকার করেন। পরে গ্রামবাসী জড়ো হয়ে রাজবাড়ীর গোয়ালন্দ ও ফরিদপুর সদর থানায় সংবাদ দেন।

পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মাটি সরিয়ে আনুমানিক ৩৫ বছর বয়সী এক নারী ও ৪ বছর বয়সী এক শিশুর মৃতদেহ উদ্ধার করে। দীর্ঘ সময় মাটির নিচে থাকায় দেহগুলোতে পচন ধরেছে। উদ্ধার অভিযানের সময় উভয় জেলার পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সফিকুল ইসলাম জানিয়েছেন, মরদেহগুলো যে স্থানে পাওয়া গেছে, তা ফরিদপুর জেলার সীমানার অন্তর্ভুক্ত। তাই, আইনি আনুষ্ঠানিকতা ও মামলা-সংক্রান্ত সব কাজ ফরিদপুরের সংশ্লিষ্ট থানা পুলিশ সম্পন্ন করবে। তবে, সীমান্তবর্তী এলাকা হওয়ায় গোয়ালন্দ থানা পুলিশও বিষয়টি তদারকি করছে।

ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আজমীর হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেছেন, এখন পর্যন্ত নিহতদের পরিচয় জানা যায়নি। পুলিশ গুরুত্বের সঙ্গে ঘটনার তদন্ত শুরু করছে। 

দ্রুতই এই হত্যাকাণ্ডের পেছনের রহস্য ও অপরাধীদের শনাক্ত করা সম্ভব হবে বলে আশা প্রকাশ করেন আজমীর হোসেন।

ঢাকা/তামিম/রফিক

সর্বশেষ

পাঠকপ্রিয়