ফতুল্লায় ‘গ্যাস বিস্ফোরণ’
বাবার পর চলে গেল দগ্ধ শিশু কথাও
নারায়ণগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম
নারায়ণগঞ্জের ফতুল্লায় বাসায় গ্যাস লিক থেকে বিস্ফোরণে দগ্ধ সাত বছর বয়সী শিশু কথা মারা গেছে। বুধবার (১৩ মে) সন্ধ্যা পৌনে ৭টায় জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় শিশুটি মারা যায়।
হাসপাতালটির আবাসিক সার্জন সহকারী অধ্যাপক ডা. শাওন বিন রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, “কথার শ্বাসনালীসহ শরীরের ৫২ শতাংশ পুড়ে গিয়েছিল।”
এর আগে, গত ১১ মে সকালে কথার বাবা মো. কালাম একই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তার শরীরের ৯৫ শতাংশ পুড়ে গিয়েছিল।
গত ১০ মে সকালে ফতুল্লার গিরিধারা এলাকার একটি ছয়তলা ভবনের নিচতলার ফ্ল্যাটে এ বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে একই পরিবারের পাঁচজন দগ্ধ হন। এ ঘটনায় কালামের স্ত্রী সায়মা, ছেলে মুন্না এবং আরেক মেয়ে মুন্নি দগ্ধ হয়ে একই হাসপাতালে চিকিৎসাধীন।
কালাম পেশায় সবজি বিক্রেতা ছিলেন। তিনি স্ত্রী-সন্তানদের নিয়ে ওই বাসায় থাকতেন।
ফায়ার সার্ভিসের ধারণা, ওই বাসার একটি কক্ষের সঙ্গে থাকা রান্নাঘরে গ্যাস লাইনে লিকেজ ছিল। এতে বন্ধ কক্ষে গ্যাস জমে আগুনের সংস্পর্শে এসে বিস্ফোরণ ঘটে।
ঢাকা/অনিক/রাজীব
প্রতিবন্ধীদের অধিকার ও সেবা নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর