শোলাকিয়ায় ঈদের জামাত সকাল ৯টায়
কিশোরগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম
কিশোরগঞ্জের ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ ময়দানে এবার ঈদুল আজহার জামাত অনুষ্ঠিত হবে সকাল ৯টায়। ১৯৯তম এই ঈদ জামাতে ইমামতি করবেন কিশোরগঞ্জ শহরের বড় বাজার মসজিদের খতিব মুফতি আবুল খায়ের মোহাম্মদ সাইফুল্লাহ।
বুধবার (১৩ মে) দুপুরে কিশোরগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত শোলাকিয়া ঈদগাহ পরিচালনা কমিটির সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়।
সভায় ঈদ জামাতকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি, মাঠের উন্নয়ন ও মুসল্লিদের সার্বিক নিরাপত্তা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
জেলা প্রশাসক ও শোলাকিয়া ঈদগাহ পরিচালনা কমিটির সভাপতি সোহানা নাসরিন জানান, প্রতিবছরের মতো এবারও দূর-দূরান্ত থেকে আগত মুসল্লিদের যাতায়াত সুবিধার জন্য শোলাকিয়া এক্সপ্রেস নামে দুটি বিশেষ ট্রেন সার্ভিস চালু থাকবে। মুসল্লিদের নিরাপত্তা নিশ্চিতে দুই প্লাটুন বিজিবির পাশাপাশি বিপুল সংখ্যক র্যাব, পুলিশ ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সভায় আরো উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা কামরুল হাসান মারুফ, জেলা জামায়াতের আমির অধ্যাপক মো. রমজান আলী, কিশোরগঞ্জ সিভিল সার্জন ডা. অভিজিত শর্মাসহ বিভিন্ন সরকারি দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য এবং রাজনৈতিক নেতৃবৃন্দ।
২০১৬ সালের ৭ জুলাই ঈদুল ফিতরের জামাত শুরুর আগে শোলাকিয়া ঈদগাহের কাছে পুলিশের একটি নিরাপত্তা চৌকিতে জঙ্গি হামলার ঘটনা ঘটে। ওই হামলায় দুই পুলিশ সদস্যসহ চারজন নিহত হন। এরপর থেকেই শোলাকিয়ার ঈদ জামাতে নিরাপত্তা ব্যবস্থায় বাড়তি গুরুত্ব দেওয়া হচ্ছে।
জনশ্রুতি রয়েছে, শহরের পূর্ব প্রান্তে নরসুন্দা নদীর তীরে অবস্থিত এই ঈদগাহে ১৮২৮ সালে একসঙ্গে প্রায় সোয়া লাখ মুসল্লি ঈদের নামাজ আদায় করেছিলেন। সেই ‘সোয়া লাখিয়া’ শব্দ থেকেই ধীরে ধীরে নাম হয় ‘শোলাকিয়া’।
ঢাকা/রুমন/রাজীব
হামে আরো ৮ শিশুর মৃত্যু