ভ্যাট কর্মকর্তাকে খুঁটিতে বেঁধে মারধরের ঘটনায় মামলা, গ্রেপ্তার ১
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি || রাইজিংবিডি.কম
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে এক ভ্যাট কর্মকর্তাকে বিদ্যুতের খুঁটির সঙ্গে বেঁধে মারধরের ঘটনায় মামলা হয়েছে। এ ঘটনায় তুহিন মিয়া (৩২) নামের এক তরুণকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (১৩ মে) সকালে তাকে ব্রাহ্মণবাড়িয়া জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
পুলিশ জানায়, ভ্যাট অফিসের এএসএম সাইফুল ইসলাম বাদী হয়ে মেসার্স আল্লাহ ভরসা এন্টারপ্রাইজের মালিক হাবিবুর রহমানকে প্রধান আসামি করে পাঁচজনের নামে মামলা করেছেন। গ্রেপ্তার তুহিন মিয়া মামলার পাঁচ নম্বর আসামি ও মেসার্স আল্লাহ ভরসা এন্টারপ্রাইজের ম্যানেজার।
মামলার বিবরণে বলা হয়েছে, গত শনিবার বাঞ্ছারামপুর উপজেলার দুর্গারামপুর এলাকায় ভ্যাট সংক্রান্ত কাগজপত্র দেখতে যান ভ্যাট ইন্সপেক্টর সাইফুল ইসলাম। এ সময় প্রতিষ্ঠানের মালিক হাবিবুর রহমান তাকে সন্দেহ করে পরিচয়পত্র দেখতে চান। পরে সাইফুল ইসলাম নিজের ভিজিটিং কার্ড দেখালেও অভিযুক্তরা তাকে বিদ্যুতের খুঁটির সঙ্গে বেঁধে মারধর করেন। এতে সাইফুল ইসলামের একটি হাত ভেঙে যায় এবং তিনি গুরুতর আহত হন। এ সময় স্থানীয় বাসিন্দা সবুজ মিয়া বাধা দিতে গেলে তাকেও লাঠি দিয়ে আঘাত করা হয়। এতে তার মাথা ফেটে যায়। পরে স্থানীয়দের সহায়তায় পুলিশ ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।
বাঞ্ছারামপুর মডেল থানার ওসি মো. ইয়াসিন এসব তথ্য নিশ্চিত করে বলেন, মামলার অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
ঢাকা/পলাশ/রাজীব
হামে আরো ৮ শিশুর মৃত্যু