মিরপুরে ইতিহাস গড়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে পাকিস্তানকে টপকাল বাংলাদেশ
মিরপুর টেস্টে পাকিস্তানের বিপক্ষে দাপুটে জয়ের পর বদলে গেছে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকার চিত্রও। শুধু ম্যাচ জেতাই নয়, এই জয়ে সরাসরি পাকিস্তানকে পেছনে ফেলে এগিয়ে গেছে বাংলাদেশ।
দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথমটিতে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে ১০৪ রানের বড় জয় তুলে নেয় বাংলাদেশ। আর সেই জয়ের ফলেই আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের সর্বশেষ অবস্থানে পাকিস্তানকে ছাড়িয়ে ষষ্ঠ স্থানে উঠে এসেছে টাইগাররা।
এটি ছিল চলমান চক্রে বাংলাদেশের ৩ ম্যাচে প্রথম জয়। এর আগে শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজে একটি ম্যাচ ড্র ও একটি ম্যাচ হেরেছিল বাংলাদেশ। ফলে বর্তমানে তাদের পয়েন্ট শতাংশ দাঁড়িয়েছে ৪৪.৪৪।
অন্যদিকে পাকিস্তানের অবস্থা আরও হতাশাজনক হয়ে উঠেছে। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আগের সিরিজে ১-১ সমতায় শেষ করার পর এবার বাংলাদেশের কাছে হারল তারা। ফলে ৩ ম্যাচে পাকিস্তানের হার এখন ২টি।
মিরপুর টেস্টে ব্যাটিং, বোলিং ও ফিল্ডিং- তিন বিভাগেই দারুণ আধিপত্য দেখিয়েছে বাংলাদেশ। অধিনায়ক নাজমুল হোসেন শান্তর নেতৃত্বে দলটি পুরো ম্যাচজুড়ে ছিল আত্মবিশ্বাসী ও আক্রমণাত্মক। ব্যাট হাতে শান্ত, মুশফিকুর রহিম ও মুমিনুল হকের দৃঢ়তা যেমন ছিল চোখে পড়ার মতো, তেমনি বল হাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তাইজুল ইসলাম ও নাহিদ রানা।
এই জয় শুধু পয়েন্ট তালিকায় উন্নতি নয়, আত্মবিশ্বাসের দিক থেকেও বাংলাদেশের জন্য বড় বার্তা হয়ে এসেছে। কারণ শক্তিশালী পাকিস্তানের বিপক্ষে এমন প্রভাব বিস্তার করে জয় টেস্ট ক্রিকেটে বাংলাদেশের নতুন সম্ভাবনার ইঙ্গিত দিচ্ছে।
এখন সিরিজের দ্বিতীয় টেস্টেও একই ধারাবাহিকতা ধরে রাখতে পারলে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের লড়াইয়ে আরও শক্ত অবস্থানে পৌঁছে যেতে পারে বাংলাদেশ।
ঢাকা/আমিনুল
প্রতিবন্ধীদের অধিকার ও সেবা নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর