ঢাকা     বুধবার   ১৩ মে ২০২৬ ||  বৈশাখ ৩০ ১৪৩৩ || ২৬ জিলকদ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

ক্যারিয়ারসেরা র‌্যাঙ্কিংয়ে শান্ত, নাহিদ-তাইজুল-মুশফিকের উন্নতি

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:৪০, ১৩ মে ২০২৬  
ক্যারিয়ারসেরা র‌্যাঙ্কিংয়ে শান্ত, নাহিদ-তাইজুল-মুশফিকের উন্নতি

মিরপুর টেস্টে পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক জয়ের আনন্দের মধ্যেই আরও বড় সুখবর পেলেন নাজমুল হোসেন শান্ত। দুর্দান্ত ব্যাটিং নৈপুণ্যে ক্যারিয়ারের সেরা অবস্থানে উঠে এসেছেন বাংলাদেশের অধিনায়ক। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের সর্বশেষ প্রকাশিত পুরুষদের টেস্ট ব্যাটিং র‌্যাঙ্কিংয়ে তিনি এখন যৌথভাবে ২৩তম স্থানে আছেন।

পাকিস্তানের বিপক্ষে প্রথম ম্যাচে ব্যাট হাতে দারুণ নেতৃত্ব দেন শান্ত। প্রথম ইনিংসে ১০১ ও দ্বিতীয় ইনিংসে ৮৭ রান করে ম্যাচসেরার পুরস্কার জেতেন তিনি। একই সঙ্গে অধিনায়ক হিসেবে নিজের পঞ্চম টেস্ট সেঞ্চুরি তুলে নিয়ে ভেঙে দেন মুশফিকুর রহিমের চার সেঞ্চুরির আগের রেকর্ড।

আরো পড়ুন:

এই পারফরম্যান্সে ব্যাটিং র‌্যাঙ্কিংয়ে এক লাফে ১৬ ধাপ এগিয়েছেন শান্ত। বর্তমানে পাকিস্তানের তারকা ব্যাটার বাবর আজমের সঙ্গে যৌথভাবে ২৩তম স্থানে আছেন তিনি।

বাংলাদেশের সাবেক অধিনায়ক মুশফিকুর রহিমও র‌্যাঙ্কিংয়ে উন্নতি করেছেন। মিরপুর টেস্টে ৭১ ও ২২ রান করা এই অভিজ্ঞ ব্যাটার ২ ধাপ এগিয়ে এখন ২৬ নম্বরে। আর দুই ইনিংসে ৯১ ও ৫৬ রান করা মুমিনুল হক ১২ ধাপ এগিয়ে উঠে এসেছেন ৩৫তম স্থানে।

পাকিস্তানের হয়ে অভিষেক টেস্ট খেলেই র‌্যাঙ্কিংয়ে জায়গা করে নিয়েছেন আবদুল্লাহ ফজল ও আজান আওয়াইস। প্রথম ইনিংসে সেঞ্চুরি করা আবদুল্লাহ আছেন ৭৫তম স্থানে। আর দুই ইনিংসেই অর্ধশতক পাওয়া আজান জায়গা পেয়েছেন ৮২ নম্বরে।

বোলিং র‌্যাঙ্কিংয়েও সুখবর পেয়েছে বাংলাদেশ। দুই ইনিংসেই ২টি করে উইকেট নেওয়া বাঁহাতি স্পিনার তাইজুল ইসলাম ১৬ থেকে উঠে এসেছেন ১৩ নম্বরে। আর দ্বিতীয় ইনিংসে গুরুত্বপূর্ণ ৫ উইকেট নেওয়া পেসার নাহিদ রানা ৫ ধাপ এগিয়ে এখন ৬৪তম স্থানে।

পাকিস্তানের হয়ে প্রথম ইনিংসে ৯২ রানে ৫ উইকেট নেওয়া পেসার মোহাম্মদ আব্বাস আবারও বোলিং র‌্যাঙ্কিংয়ে ফিরেছেন। তিনি এখন আছেন ২৮ নম্বরে।

ঢাকা/আমিনুল

সর্বশেষ

পাঠকপ্রিয়