অ্যান্ড্রয়েডে নতুন ফিচার: অ্যাপ খুললেই ১০ সেকেন্ডের বাধ্যতামূলক বিরতি
অ্যান্ড্রয়েড ফোন ব্যবহারকারীদেরকে ডিজিটাল আসক্তি থেকে মুক্তি দিতে গুগল নিয়ে এসেছে ‘পজ পয়েন্ট’ নামক নতুন একটি বিল্ট-ইন ফিচার। নতুন এই ফিচার পাওয়া যাবে অ্যান্ড্রয়েড ১৭ চালিত ডিভাইসগুলোতে।
মঙ্গলবার (১২মে) গুগলের বার্ষিক ডেভেলপার সম্মেলন ‘গুগল আই/ও ২০২৬’-এ নতুন এই ফিচারের ঘোষণা দেওয়া হয়। ‘পজ পয়েন্ট’ ফিচারটি অ্যান্ড্রয়েড ফোনে আসক্তিমূলক অ্যাপগুলো থেকে ব্যবহারকারীদেরকে দূরে রাখার জন্য তৈরি করা হয়েছে। খবর টেক ক্রাঞ্চের।
‘পজ পয়েন্ট’ ফিচারটি যেভাবে কাজ করে
আপনার ফোনের যেসব অ্যাপকে আপনি ‘আসক্তিমূলক’ হিসেবে চিহ্নিত করবেন, সেই অ্যাপগুলো খোলার সঙ্গে সঙ্গে এই ফিচারটি আপনাকে ১০ সেকেন্ড অপেক্ষা করতে বাধ্য করবে।
টিকটক, ইনস্টাগ্রাম, ফেসুবক, এমনকি গুগলের নিজস্ব ইউটিউবকেও ব্যবহারকারীরা এই তালিকায় রাখতে পারেন। বিশেষ করে যারা আসক্তিমূলক অ্যাপের ফাঁদে পড়ে দিনের অনেকটা সময় নষ্ট করা নিয়ে চিন্তিত, তাদের জন্য এটি বেশ কার্যকর হবে।
যখনই আপনি আসক্তিমূলক বা ‘মনোযোগ নষ্টকারী’ হিসেবে চিহ্নিত করা কোনো অ্যাপে প্রবেশ করবেন, তখনই স্ক্রিনে একটি ১০ সেকেন্ডের বাধ্যতামূলক বিরতি আসবে।
বর্তমানে বিশ্বজুড়ে সামাজিক যোগাযোগমাধ্যমের মিডিয়ার নেতিবাচক প্রভাব ও অ্যালগরিদমের ফাঁদে পড়ে সময় নষ্ট হওয়া নিয়ে ব্যাপক আলোচনা চলছে। বিভিন্ন দেশে অপ্রাপ্তবয়স্কদের সামাজিক মাধ্যম ব্যবহারে কড়াকড়ি আইন হচ্ছে। এমন পরিস্থিতির মধ্যে গুগল নতুন এই ফিচারটি নিয়ে এসেছে।
অ্যান্ড্রয়েড ১৭ আপডেটের এক ব্রিফিংয়ে গুগলের প্ল্যাটফর্মস অ্যান্ড ইকোসিস্টেমস অর্গানাইজেশনের প্রোডাক্ট অপারেশনস-এর ডিরেক্টর ডিটার বোন বলেন, “অ্যান্ড্রয়েড এখন আগের চেয়ে অনেক বেশি শক্তিশালী, কিন্তু আমরা চাই যখন প্রয়েজন হবে তখন যেন আপনি প্রযুক্তি থেকে বিচ্ছিন্ন হওয়ার সুযোগ পান। আমরা সবাই ফোন হাতে নিয়ে কোনো অ্যাপ খুলে ফেলি এবং অজান্তেই এক ঘণ্টা পার করে দিই।”
এতদিন অ্যাপ নির্মাতারা সাধারণত ‘অ্যাপ টাইমার’ ব্যবহার করতেন যা একটি নির্দিষ্ট সময় পর আপনাকে বিরতি নেওয়ার কথা মনে করিয়ে দিত। পজ পয়েন্ট এই ধারণাটিকে বদলে দিয়েছে। এটি অ্যাপ খোলার শুরুতেই বাধা দেয়, ফলে মস্তিষ্কে যে ‘ডোপামিন হরমোনের প্রবাহ’ শুরু হওয়ার কথা ছিল তা থমকে যায়। এতে আপনি নতুন করে ভাবার সুযোগ পাবেন যে, আপনি কি আসলেই অ্যাপটি ব্যবহার করতে চান নাকি এটি কেবল অভ্যাসবশত করছেন।
গুগল বলছে, পজ পয়েন্ট যে সময়টা দেয়, তা আপনি অল্প সময়ের জন্য শ্বাস-প্রশ্বাসের ব্যায়াম করতে বা স্ক্রল করার পরিবর্তে অন্য কী করতে পারেন, তা নিয়ে ভাবতে ব্যবহার করতে পারেন। উদাহরণস্বরূপ, এই ফিচারটি আরো দরকারি অ্যাপের পরামর্শ দিতে পারে, যেমন আপনার পছন্দের কোনো ফিটনেস অ্যাপ, অডিওবুক অ্যাপ, কিন্ডল বা গুগল প্লে বুকস অ্যাপ, বা অন্য কিছু।
আইডিয়ার জন্য আপনি আপনার পছন্দের কিছু ছবি স্ক্রল করে দেখতেও পারেন- হয়তো সেগুলো আপনাকে অন্য কোনো আকর্ষণীয় কাজের কথা মনে করিয়ে দেবে, যেমন বাইরে হাঁটা, আপনার পোষা প্রাণী, বা শিল্প ও কারুশিল্প।
এছাড়াও পজ পয়েন্ট টাইমার সেট করার সুবিধাও দিচ্ছে। নির্দিষ্ট অ্যাপে ঢোকার আগেই আপনি ঠিক করে নিতে পারবেন যে কতক্ষণ এটি ব্যবহার করবেন। এটি সাধারণ টাইমারের চেয়ে বেশি কার্যকর কারণ এটি প্রতিবার ব্যবহারের আগে আপনাকে সচেতন করবে।
গুগলের নতুন এই ফিচারটি প্রচলিত অ্যাপ টাইমারের চেয়ে বন্ধ করাও কঠিন। প্রচলিত টাইমারগুলোর অনেকগুলোই সহজেই উপেক্ষা করা যায়। কিন্তু ‘পজ পয়েন্ট’ ফিচারটি বন্ধ করার জন্য ফোন রিস্টার্ট করতে হবে। গুগল এই পদ্ধতিটি রেখেছে যাতে আপনি ফিচারটি বন্ধ করার আগে অন্তত দ্বিতীয়বার ভাবার সুযোগ পান।
প্রযুক্তি বিশেষজ্ঞদের মতে, ফিঞ্চ বা ফোকাস ফ্রেন্ড-এর মতো থার্ড পার্টি অ্যাপ বাজারে থাকলেও, অ্যান্ড্রয়েডের নিজস্ব সিস্টেমে এই ফিচার যুক্ত হওয়ায় এটি অনেক বেশি কার্যকর হবে। বাজারে অ্যান্ড্রয়েড ১৭ চালিত যেসব ডিভাইস আসবে, যেগুলোতে বিল্ট-ইন হিসেবেই পাওয়া যাবে এই ফিচার।
ঢাকা/ফিরোজ
হামে আরো ৮ শিশুর মৃত্যু