স্ত্রী রিলস বানায়, ক্ষোভে জীবিত স্ত্রীর ‘পিণ্ডদান’ করলেন স্বামী
অন্য দুনিয়া ডেস্ক || রাইজিংবিডি.কম
সামাজিক যোগাযোগমাধ্যমের যুগে রিলস বানিয়ে রাতারাতি জনপ্রিয় হয়ে ওঠার স্বপ্ন এখন অনেকেরই। কেউ কেউ ভাইরাল হওয়ার নেশায় এতটাই মেতে ওঠেন যে পরিবার কিংবা সামাজিক মূল্যবোধের কথাও ভুলে যান। আর সেই নেশা থেকেই কখনও কখনও তৈরি হচ্ছে পারিবারিক অশান্তি। সম্প্রতি এমনই এক ঘটনা ঘিরে তুমুল আলোচনা শুরু হয়েছে নেটদুনিয়ায়।
ইনস্টাগ্রামে ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যায়, এক যুবক নদীর ঘাটে দাঁড়িয়ে আছেন। তার হাতে এক নারীর ছবি, ছবিতে পরানো মালা। হিন্দু রীতিনীতি মেনে তিনি পিণ্ডদান করছেন। শুধু তাই নয়, ছবিটি পানিতে ভাসিয়ে দেওয়ার আগে তাতে থুথু ছিটাতেও দেখা যায় তাকে। ভিডিওটির এক পাশে আবার ভেসে উঠছে এক নারীর রিলস ভিডিও।
ঘটনার কারণ জানতে গিয়েই সামনে আসে চাঞ্চল্যকর তথ্য। ওই যুবকের দাবি, তার স্ত্রী নিয়মিত উসকানিমূলক ও আপত্তিকর রিলস তৈরি করতেন। অনেকবার নিষেধ করার পরেও তিনি তা বন্ধ করেননি। এতে ক্ষুব্ধ হয়ে ডিভোর্সের পথে না গিয়ে স্ত্রীকে ‘মৃত’ ঘোষণা করে জীবিত অবস্থাতেই তার শ্রাদ্ধ ও পিণ্ডদান করার সিদ্ধান্ত নেন স্বামী।
ভিডিওটি প্রকাশ্যে আসতেই সামাজিক মাধ্যমে শুরু হয়েছে তীব্র বিতর্ক। একাংশের মতে, শুধুমাত্র ভাইরাল হওয়ার নেশায় পরিবার ও সম্পর্ককে অবহেলা করা ঠিক নয়। আবার অন্য একটি অংশের দাবি, কোনও কারণেই জীবিত একজন মানুষের পিণ্ডদান করা মানসিক বিকারগ্রস্ততার পরিচয়।
ঘটনাটি এখন সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। অনেকেই প্রশ্ন তুলছেন—সামাজিক যোগাযোগ মাধ্যমে জনপ্রিয়তার নেশা কি সত্যিই মানুষের সম্পর্ককে এতটা দূরে ঠেলে দিচ্ছে?
সূত্র: সংবাদ প্রতিদিন
ঢাকা/লিপি
গত ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরো ৯ শিশুর মৃত্যু