ঢাকা     মঙ্গলবার   ১২ মে ২০২৬ ||  বৈশাখ ২৯ ১৪৩৩ || ২৪ জিলকদ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

লেবাননে নিহত সাতক্ষীরার ২ যুবকের বাড়িতে মাতম

সাতক্ষীরা প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:১১, ১২ মে ২০২৬   আপডেট: ১৩:১২, ১২ মে ২০২৬
লেবাননে নিহত সাতক্ষীরার ২ যুবকের বাড়িতে মাতম

সাতক্ষীরার ধুলিহর ইউনিয়নের ভুলুকা চাঁদপুর গ্রামে শফিকুল ইসলামের মৃত্যুর খবরে কান্নায় ভেঙে পড়েন স্বজনরা।

লেবাননে ইসরায়েলি ড্রোন হামলায় নিহত সাতক্ষীরা সদর উপজেলার ধুলিহর ইউনিয়নের ভুলুকা চাঁদপুর গ্রামের শফিকুল ইসলাম (৩৮) ও আশাশুনি উপজেলার কাদাকাটি গ্রামের মো. নাহিদুল ইসলামের (২৬) বাড়িতে চলছে মাতম। তাদের মৃত্যুর খবর বাড়িতে পৌঁছানোর পর কান্নায় ভেঙে পড়েন স্বজনরা। পরিবার জানায়, অভাবের সংসারে  স্বচ্ছলতা ফেরানোর আসায় তারা লেবাননে যান।

সোমবার (১১ মে) দুপুরে লেবাননের দক্ষিণাঞ্চলের নাবাতিয়েহ এলাকার জেবদিন গ্রামে ইসরায়েলি ড্রোন হামলায় মারা যান শফিকুল ও নাহিদুল।

আরো পড়ুন:

বৈরুতের বাংলাদেশ দূতাবাসের প্রথম সচিব (শ্রম) মোহাম্মদ আনোয়ার হোসাইন স্বাক্ষরিত এক শোকবার্তায় মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়েছে। বর্তমানে তাঁদের মরদেহ নাবাতিয়েহর নাবিহ বেররী হাসপাতালে রাখা হয়েছে।

বৈরুতে বাংলাদেশ দূতাবাস সূত্র জানায়, সোমবার দুপুরে জেবদিন এলাকার একটি বাড়িতে ইসরায়েলি বাহিনী ড্রোন হামলা চালায়। এতে শফিকুল ও নাহিদুল ছাড়াও একজন সিরীয় নাগরিক নিহত হন। ওই এলাকায় এটি ছিল ইসরায়েলি বাহিনীর দ্বিতীয় দফা হামলা। এর আগে, জেবদিন পৌরসভার একটি রুটি বহনকারী ভ্যানে ড্রোন হামলায় দুই স্থানীয় বাসিন্দা প্রাণ হারান।

 

এ বিষয়ে সাতক্ষীরার জেলা প্রশাসনের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। স্থানীয় জনপ্রতিনিধিরা নিহতদের পরিবারের খোঁজ নিচ্ছেন বলে জানা গেছে।

সাতক্ষীরায় নিহতদের স্বজনদের সঙ্গে কথা বলে জানা গেছে, অভাবের সংসারে স্বচ্ছলতা ফেরাতে শফিকুল ও নাহিদুল লেবাননে পাড়ি জমিয়েছিলেন। 

নিহত শফিকুলের প্রতিবেশী ও ভালুকা চাঁদপুর মডেল হাইস্কুলের শিক্ষক আল কালাম আবু ওয়াহিদ জানান, গত ২০ রমজান অনেক স্বপ্ন নিয়ে বিদেশে গিয়েছিলেন শফিকুল। তিনি মা-বাবার একমাত্র সন্তান ছিলেন। ছেলেকে হারিয়ে বাকরুদ্ধ তারা। 

ধুলিহর ইউনিয়ন পরিষদের সদস্য ফারুক হোসেন মিঠু জানান, গত ২০ রমজান অনেক স্বপ্ন নিয়ে লেবানন গিয়েছিলেন শফিকুল। পরিবারের সুদিন ফেরানোর লড়াই শুরুর আগেই এভাবে তার চলে যাওয়া কেউ মেনে নিতে পারছেন না।

ধুলিহর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মিজানুর রহমান চৌধুরী বলেন, “মারা যাওয়া দুই যুবকের পরিবার অত্যন্ত অসহায়। ঋণ করে তাদের বিদেশে পাঠিয়েছিলেন পরিবারের সদস্যরা। এখন সন্তান হারিয়ে তারা অর্থনৈতিক ও মানসিকভাবে পুরোপুরি নিঃস্ব হয়ে গেছেন।”

গত ১৬ এপ্রিল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প লেবানন ও ইসরায়েলের মধ্যে ১০ দিনের যুদ্ধবিরতি ঘোষণা করলেও হিজবুল্লাহর সঙ্গে ইসরায়েলি বাহিনীর সংঘাত থামেনি। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, গত মার্চ থেকে শুরু হওয়া ইসরায়েলি অভিযানে দেশটিতে ২ হাজার ৮৪৬ জন নিহত হয়েছেন।

ঢাকা/শাহীন/মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়