কান চলচ্চিত্র উৎসব: প্রতিযোগিতা বিভাগে লড়বে ২২ চলচ্চিত্র
‘হোপ’ সিনেমার দৃশ্য
বিশ্ব চলচ্চিত্রের অন্যতম জমজমাট আসর ‘কান চলচ্চিত্র উৎসব’। বছরের মে মাস এলেই ফ্রান্সের রিভিয়েরার ছোট্ট শহরটি সিনেমানগরীতে রূপ নেয়। মঙ্গলবার (১২ মে) এ উৎসবের পর্দা উঠছে। বরাবরের মতো বিশ্বের নানা প্রান্তের তারকা অভিনয়শিল্পী ও নির্মাতারা এতে যোগ দেবেন।
কান চলচ্চিত্র উৎসবের পরিচালক থিঁয়োরি ফ্রেমো জানিয়েছেন, এবারের আসরে ২ হাজার ৫৪১টি পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র জমা পড়েছিল। এক দশক আগের তুলনায় যা এক হাজারের বেশি জমা পড়েছিল। ১৪১টি দেশ থেকে আসা এই বিপুলসংখ্যক চলচ্চিত্র প্রমাণ করে, বিশ্ব সিনেমার পরিসর কতটা বিস্তৃত হচ্ছে। পৃথিবীর অন্যতম বড় এ চলচ্চিত্র উৎসবের মূল প্রতিযোগিতা বিভাগে লড়বে ২২টি সিনেমা। আগামী ২৩ মে, উৎসবের সমাপনী দিনে ঘোষিত হবে বিজয়ীর নাম। চলুন এক নজরে তালিকাটি দেখে নিই—
এ তালিকায় রয়েছে—পেদ্রো আলমোদোভারের ‘আমার্গা নাভিদাদ’, চার্লিনের ‘আ উইমেনস লাইফ’, জাভিয়ের কালভো এবং জাভিয়ের আমব্রোসির ‘লা ভোলা নেগরা’, লুকাস দন্তের ‘কাউয়ার্ড’, আসগর ফরহাদির ‘প্যারালাল টেলস’, জেমস গ্রের ‘পেপার টাইগার’, ভ্যালেস্কা গ্রিসবাখের ‘দ্য ড্রিমড অ্যাডভেঞ্চার’। হামাগুচি রিউসুকের ‘অল অব আ সাডেন’, আর্থার হারারির ‘দ্য আননোউন’।
জিন হ্যারির ‘অ্যানাদার ডে’, কোরেদা হিরোকাজুর ‘শীপ ইন দ্য বক্স’, না হং জিনের ‘হোপ’, ফুকাদা কোজির ‘নাগি নোটস’, ম্যারি কুয়েটজারের ‘জেন্টল মনস্টার’, ইমানুয়েল ম্যার ‘আ ম্যান অব হিজ টাইম’, ক্রিস্টিয়ান মুঙ্গিউয়ের ‘ফিয়র্ড’, লেয়া মাইসিয়াসের ‘দ্য বার্থডে পার্টি’, লাসলো নেমেসের ‘মৌলিন’, পাওয়েল পাওলিকোস্কির ‘ফাদারল্যান্ড’, ইরা স্যাক্সের ‘দ্য ম্যান আই লাভ’, রদ্রিগো সোরোগোয়েনের ‘দ্য বিলাভড’, আন্দ্রেই জিভগিৎসেভের ‘মিনোটর’।
৭৯তম কান চলচ্চিত্র উৎসবের মূল প্রতিযোগিতা বিভাগে জুরি বোর্ডে রয়েছেন ৯ জন সদস্য। দক্ষিণ কোরিয়ার নির্মাতা পার্ক চ্যান-উকের এই টিমের সভাপতি।
জুরি বোর্ডের অন্য সদস্যরা হলেন—আমেরিকান অভিনেত্রী ও প্রযোজক ডেমি মুর, আইরিশ অভিনেত্রী রুথ নেগা, বেলজিয়ান নির্মাতা লরা ওয়ান্ডেল, চীনা নির্মাতা ক্লোয়ি ঝাও, চিলির নির্মাতা দিয়েগো কেসপেদেস, আইভোরিয়ান অভিনেতা আইস্যাক দে বাকোলি, স্কটিশ চিত্রনাট্যকার পল লাভার্টি, ও সুইডিশ অভিনেতা স্টেলান স্কার্সগার্ড।
*ফেস্টিভ্যাল-কানস ডটকম অবলম্বনে
ঢাকা/শান্ত